রোজ ট্রেন জার্নি করেন? মান্থলি নিয়ে এবার নতুন সুবিধা আনল রেল
সংবাদদাতা, নয়াদিল্লি: লাইনে দাঁড়িয়ে মান্থলি কাটার ঝক্কি থেকে অনেক আগেই যাত্রীদের মুক্তি দিয়েছে ভারতীয় রেল। অ্যাপ চালুর পর থেকে বেশিরভাগ নিত্যযাত্রীই এখন মোবাইলে রেলের অ্যাপ ডাউনলোড করে ঘরে বসেই মান্থলি কেটে নেন। এবার সেই সুবিধাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল রেল। নিত্যযাত্রীদের জন্য বড় সুখবর—RailOne অ্যাপে এখন থেকে শুধু নিজের জন্য নয়, পরিবারের অন্য সদস্যের জন্যও কাটা যাবে মান্থলি।
কাদের জন্য বিশেষভাবে উপকারী
অ্যাপের মাধ্যমে মান্থলি কাটার ক্ষেত্রে এতদিন বয়ঃজ্যেষ্ঠদের একটা বড় অংশ সমস্যায় পড়তেন—অনেকেই ঠিক বুঝে উঠতে পারতেন না কীভাবে অনলাইনে টিকিট কাটতে হয়। নতুন এই ব্যবস্থায় সেই সমস্যা অনেকটাই দূর হবে। এখন থেকে তাঁর ছেলে-মেয়ে বা পরিবারের যে কোনও সদস্য নিজের ফোনে অ্যাপ ডাউনলোড করেই তাঁদের হয়ে মান্থলি কেটে দিতে পারবেন।
কী বদলাল
৯ সেপ্টেম্বর থেকে চালু হয়েছে এই নতুন পরিষেবা। অর্থাৎ RailOne অ্যাপের মাধ্যমে এখন নিজের পাশাপাশি পরিবারের সদস্যদের জন্যও সিজন টিকিট বা মান্থলি বুক করা যাবে। রেজিস্টার্ড ব্যক্তি নিজে ছাড়াও আরও সর্বোচ্চ ৫ জনের জন্য টিকিট বুক করতে পারবেন।
মান্থলি কাটার নিয়মাবলী
নতুন এই পরিষেবা ব্যবহারের ক্ষেত্রে কয়েকটি নিয়ম মাথায় রাখতে হবে—
- নিজের জন্য মান্থলি কাটার সময় সঠিকভাবে ভৌগোলিক যাচাই (জিও-ভেরিফিকেশন) সম্পন্ন করতে হবে
- নিজের জন্য বুকিং করলে টিকিট সেই দিন থেকেই কার্যকর হবে
- অন্য কোনও যাত্রীর জন্য টিকিট বুক করলে তা কার্যকর হবে পরের দিন থেকে
- অন্যের জন্য টিকিট বুক করার সময় যাত্রার তারিখটি মাথায় রাখা জরুরি
- রেজিস্টার্ড ব্যক্তির বয়স কমপক্ষে ১৮ বছর হতে হবে
- যাঁর জন্য টিকিট কাটা হচ্ছে, সেই যাত্রীর বয়স কমপক্ষে ৫ বছর হতে হবে
- এই টিকিট সাধারণত সেকেন্ড ক্লাসের জন্যই প্রযোজ্য, রিজার্ভড কোচে এই টিকিট গ্রহণযোগ্য নয়
