দেবরাজ চক্রবর্তী ও অদিতি মুন্সীর বিরুদ্ধে চার্জশিট জমা, তদন্ত জারি রাখতে আদালতের আর্জি
সংবাদদাতা, বিধাননগর: বিধাননগর পুরনিগমের মেয়র পারিষদ দেবরাজ চক্রবর্তী এবং তাঁর স্ত্রী প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির বিরুদ্ধে তোলাবাজি ও সিন্ডিকেট সংক্রান্ত মামলায় বারাসত আদালতে চার্জশিট জমা পড়ল। এদিন আইনজীবীর তরফে জানানো হয়, দেড় হাজারেরও বেশি পৃষ্ঠার এই চার্জশিটে তোলাবাজি (Extortion), প্রতারণা (Cheating), জমি দখল (Land Grabbing) ও সিন্ডিকেট সংক্রান্ত অপরাধের মতো একাধিক গুরুতর অভিযোগ আনা হয়েছে।
অভিযুক্তদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (BNSS) ১১১ নম্বর ধারা-সহ সিন্ডিকেট ক্রাইম, তোলাবাজি ও প্রতারণার অভিযোগে চার্জশিট পেশ করা হয়েছে। সাধারণ মানুষকে ভয় দেখিয়ে প্রোমোটিং করতে বাধা দেওয়া ও জমি দখলের মতো অভিযোগও রয়েছে।
তদন্তকারীদের দাবি, এখনও পর্যন্ত নথি ও সম্পত্তি মিলিয়ে এই দুর্নীতির আর্থিক পরিমাণ আনুমানিক ১০০ কোটি টাকার কম নয়।
সিন্ডিকেট ও তোলাবাজির টাকা একাধিক প্রভাবশালী ব্যক্তির গুরুত্বপূর্ণ ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তরিত হয়েছে বলে অভিযোগ। সেই আর্থিক লেনদেনের গভীরে পৌঁছতে বিএনএসএস-এর নির্দিষ্ট ধারায় তদন্তের পরিধি খোলা (Open Investigation) রাখার জন্য আদালতের কাছে আবেদন জানানো হয়েছে।
দ্রুত মামলার নিষ্পত্তি ও বিচার প্রক্রিয়া শুরুর জন্য ‘স্পিডি ট্রায়াল’-এর আর্জি জানিয়েছে তদন্তকারী পক্ষ। আগামী দিনে বেশ কিছু বৈদ্যুতিন তথ্যপ্রমাণও (Electronic Evidence) আদালতে পেশ করা হবে বলে জানানো হয়েছে।
