নাবালিকা গর্ভবতী, স্বামী পকসোয় গ্রেপ্তার সিউড়িতে
সংবাদদাতা, বীরভূম: রাজ্যে বাল্যবিবাহ এবং নাবালিকাদের গর্ভধারণ রুখতে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরই তৎপর হল পুলিশ-প্রশাসন। নাবালিকা প্রসূতি হওয়ার ঘটনায় সিউড়ির ধল্লা গ্রামের বাসিন্দা সুজয় বায়েনকে পকসো আইনে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শারীরিক অসুস্থতার কারণে ১৬ বছরের ওই কিশোরীকে তার শাশুড়ি সিউড়ি সদর হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা পরীক্ষা করে জানতে পারেন, কিশোরীটি গর্ভবতী। নিয়ম অনুযায়ী বিষয়টি হাসপাতালের তরফে পুলিশকে জানানো হয়। এরপর পুলিশ হাসপাতালে গিয়ে নাবালিকার বয়ান রেকর্ড করে। সেই বয়ানের ভিত্তিতেই সোমবার গভীর রাতে তার স্বামী সুজয় বায়েনকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, ওই কিশোরীর সঙ্গে সুজয়ের প্রেমের সম্পর্ক ছিল। পরে তারা বাড়ি থেকে পালিয়ে বিয়ে করে। দুই পরিবারের তরফেও পরবর্তীতে সেই বিয়ে মেনে নেওয়া হয়েছিল বলে জানা গিয়েছে। তবে কিশোরীর বয়স ১৮ বছরের কম হওয়ায় এবং তার গর্ভধারণের ঘটনায় আইন অনুযায়ী পদক্ষেপ করেছে পুলিশ।
মুখ্যমন্ত্রীর নির্দেশের পর রাজ্যজুড়ে বাল্যবিবাহ রুখতে প্রশাসনের তৎপরতা আরও বেড়েছে। নাবালিকার বিয়ে পারিবারিকভাবে মেনে নেওয়া হলেও আইনের চোখে তা বৈধ নয়। সিউড়ির এই ঘটনায় পকসো আইনে গ্রেপ্তারি সেই কড়া অবস্থানেরই ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। পাশাপাশি নাবালিকাদের সুরক্ষা ও বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের নজরদারি আরও জোরদার করার প্রয়োজনীয়তাও সামনে এসেছে।
