হাওড়া স্টেশন থেকে শুরু হল বিজেপির ‘সেবা সংকল্প অভিযান
সংবাদদাতা, হাওড়া: হাওড়া স্টেশন থেকে শুরু হল বিজেপির ‘সেবা সংকল্প অভিযান’। মঙ্গলবার সন্ধ্যায় হাওড়া স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্ম থেকে বিভূতি এক্সপ্রেসে চেপে রাজ্য বিজেপি যুব মোর্চার ৭০ জন সদস্য বারাণসীর উদ্দেশে রওনা দিলেন। আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনের দিন যুব মোর্চা সদস্যরা বারাণসীর গঙ্গা থেকে জল তুলবেন। তারপর সেখান থেকে বাইকে করে গুজরাতের ভাদনগরের দিকে রওনা দেবেন। সেখানে নরেন্দ্র মোদির বাড়িতে গিয়ে তাঁকে যুব মোর্চার সদস্যরা ওই গঙ্গার জল প্রদান করবেন।
এই অভিযানের এক সদস্য জলপাইগুড়ি জেলার যুব মোর্চার সম্পাদক শুভঙ্কর সরকার বললেন, ‘নরেন্দ্র মোদির জন্মদিন ছাড়াও তাঁর মুখ্যমন্ত্রিত্ব ও প্রধানমন্ত্রিত্বের ২৫ বছর উপলক্ষ্যে যুব মোর্চার সদস্যরা এই অভিযান করছেন।’
এদিন হাওড়া স্টেশনে যুব মোর্চার সদস্যদের যাত্রার সময় তাঁদের সংবর্ধনা দেন বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য। এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক লকেট চট্টোপাধ্যায়। এদিন সংবর্ধনা দেওয়ার পর শমীক বলেন, ‘দেশের প্রধানমন্ত্রী সেবামূলক কাজে যুক্ত। মানুষের সেবাতেই তিনি নিবেদিত প্রাণ। তারই সেবার জন্যই এ রাজ্য থেকে প্রায় ৭০ জন বিজেপির যুব মোর্চার সদস্য তাঁকে সম্মান জানাতে রওনা দিলেন।’
