বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

সরকারি মাটি বিক্রির অভিযোগ! তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের স্বামীকে ঘিরে উত্তপ্ত এলাকা

15 September, 2026 3:28 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, নদীয়া: সরকারি মাটি চুরির অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল নদীয়ার শান্তিপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ঢাকাপাড়া এলাকা। তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে মাটি চুরির অভিযোগ তুলে রাস্তা আটকে বিক্ষোভ দেখালেন ক্ষুব্ধ এলাকাবাসী। একটি-দুটি নয়, পর পর তিনটি মাটির গাড়ি আটকে সাধারণ মানুষ সরব হতেই গোটা এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।উল্লেখ্য, কিছুদিন আগে ঢাকাপাড়া এলাকার একটি সরু গলির মধ্যে একটি ড্রেন বা নর্দমা তৈরির কাজ হয়। ড্রেন কাটার সময় বিপুল পরিমাণ মাটি রাস্তার পাশেই স্তূপ করে রাখা হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের মূল অভিযোগ, প্রথমত ওই সরু গলিতে ড্রেন তৈরি করার কোনও বাস্তব প্রয়োজনীয়তাই ছিল না। পুরসভার নিয়ম কিংবা সাধারণ মানুষের চাহিদাকে তোয়াক্কা না করে, প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের স্বামী খোকন দেবনাথ সম্পূর্ণ নিজের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতেই ড্রেনটি তৈরি করিয়েছিলেন। ঘটনার সূত্রপাত ঘটে এদিন সকালে। রাস্তার পাশে জমিয়ে রাখা সেই ড্রেনের সরকারি মাটি আচমকাই কাউকে কিছু না জানিয়ে গাড়ি বোঝাই করে নিয়ে যাওয়ার চেষ্টা করেন খোকন দেবনাথ। পর পর তিনটি গাড়ি মাটি তুলে রওনা হতেই বিষয়টি চোখে পড়ে স্থানীয় অধিবাসীদের। সঙ্গে সঙ্গে একত্রিত হয়ে মাটির গাড়িগুলি আটকে দেন বাসিন্দারা। হাতেনাতে ধরা পড়ে যান প্রাক্তন কাউন্সিলরের স্বামী। বিক্ষোভকারীদের দাবি, খোকন দেবনাথ দীর্ঘদিন ধরেই তৃণমূলের রাজনৈতিক প্রভাব খাটিয়ে নিজের আখের গুছিয়ে আসছেন। ইতিপূর্বেও সরকারি নানা প্রকল্পের সুযোগ-সুবিধার অপব্যবহার করে কেবল মাত্র নিজের স্বার্থসিদ্ধি করেছেন তিনি। এলাকাবাসীর কথায়, পুরসভার ড্রেন কাটার মাটি সরকারি সম্পত্তি। সেই মাটি নিজের প্রয়োজনে চুরি করে নিয়ে যাওয়া সম্পূর্ণ বেআইনি। আমরা চাই প্রশাসন অবিলম্বে দলীয় রঙ না দেখে অভিযুক্তের বিরুদ্ধে যথোপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করুক। অন্যদিকে, হাতেনাতে ধরা পড়ে যাওয়ার পর তীব্র গণবিক্ষোভের মুখে পড়ে সুর কিছুটা নরম করতে বাধ্য হন অভিযুক্ত খোকন দেবনাথ। এলাকাবাসীর তোলা অভিযোগ আংশিক স্বীকার করে নিয়ে তিনি জানান, কাউকে না জানিয়ে সরকারি মাটি নিয়ে যাওয়াটা তাঁর ভুল হয়েছে। তিনি আরও বলেন, নিজের দরকারে কিছুটা মাটি নেওয়ার কথা বলেছিলাম, সেটাও আমার ভুল হয়েছে। তবে যা কিছু কাজ হয়েছে তা এলাকার সাধারণ মানুষের সুবিধার্থেই করা হয়েছে, ব্যক্তিগত স্বার্থে আমি কিছু করিনি। যদিও খোকন দেবনাথের এই সাফাই মেনে নিতে নারাজ স্থানীয় বাসিন্দারা। সাধারণ সরকারি সম্পত্তি ব্যক্তিগত কাজে ব্যবহার করা এবং মাটি চুরির এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পুরো ঘটনাটি শান্তিপুর পুরসভা ও স্থানীয় পুলিশ প্রশাসনের নজরে আনা হয়েছে। প্রশাসন এখন এই বিষয়ে কী পদক্ষেপ নেয়, সেদিকেই তাকিয়ে ঢাকাপাড়ার বাসিন্দারা।

প্রতিবেদন

Lopa Bhowmik