বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

পুজোর আগে শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ড, কাঁচ ভাঙতে গিয়ে আহত একাধিক দমকলকর্মী

15 September, 2026 2:02 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, ইসলামপুর,(উত্তর দিনাজপুর): পুজোর মুখে ইসলামপুরের একটি নামী শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মঙ্গলবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। মলের দ্বিতলে আগুন লাগার ঘটনায় পুড়ে যায় বিপুল পরিমাণ জামাকাপড়।
প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ উল্লেখযোগ্য বলে অনুমান করা হচ্ছে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে কাচের আঘাতে আহত হন একাধিক দমকলকর্মী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে আচমকাই শপিং মলের দ্বিতল থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই ধোঁয়ার সঙ্গে আগুনের শিখা দেখা দিলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকল বিভাগে।
খবর পেয়ে ইসলামপুর দমকল কেন্দ্র থেকে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। আগুনের তীব্রতা বেশি থাকায় বাইরে থেকে মলের কাচ ভেঙে ভিতরে প্রবেশ করেন দমকলকর্মীরা। আগুন নেভানোর সময় ভাঙা কাচের আঘাতে একাধিক দমকলকর্মী আহত হন বলে জানা গিয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।
অগ্নিকাণ্ডের জেরে মলের দ্বিতলে থাকা প্রচুর জামাকাপড় আগুনে পুড়ে নষ্ট হয়ে যায়। পুজোর আগে মলে নতুন পোশাকের বিপুল মজুত থাকায় ক্ষয়ক্ষতির পরিমাণও যথেষ্ট বলে মনে করা হচ্ছে। অন্যদিকে, মলের জমির মালিক শুভাশিস সাহার অভিযোগ, শপিং মলের সামনেই থাকা একটি বৈদ্যুতিক ট্রান্সফরমারে বিস্ফোরণ ঘটে। তাঁর দাবি, সেই বিস্ফোরণের জেরেই আগুন ছড়িয়ে পড়ে। তবে আগুন লাগার প্রকৃত কারণ নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানায়নি দমকল বিভাগ।
ইসলামপুর ফায়ার ব্রিগেডের স্টেশন অফিসার শম্ভুনাথ গোপ জানিয়েছেন, আগুনের কারণ খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পরই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ স্পষ্ট হবে। পুজোর ঠিক আগে ব্যস্ত শপিং মলে এই অগ্নিকাণ্ড ঘিরে স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে। আগুন কীভাবে লাগল, ট্রান্সফরমার বিস্ফোরণের সঙ্গে তার কোনও যোগ রয়েছে কি না ও মোট কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে তা তদন্তের পরই স্পষ্ট হবে।

প্রতিবেদন

Lopa Bhowmik