বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

শেষ মুহূর্তে সবুজ-মেরুনের স্বপ্নভঙ্গ, ইউনাইটেডের বিরুদ্ধে ড্র মোহনবাগানের

14 September, 2026 5:50 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: জয়ের খুব কাছাকাছি পৌঁছেও তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া হল না মোহনবাগানের। কলকাতা ফুটবল লিগের সুপার সিক্সে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল সবুজ-মেরুন। শেষ বাঁশির ঠিক আগে পর্যন্ত এগিয়ে থেকেও সংযোজিত সময়ে গোল হজম করে এক পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হল মোহনবাগানকে।
ম্যাচের শুরু থেকেই বলের দখল নিজেদের হাতে রাখার চেষ্টা করে মোহনবাগান। তবে ইউনাইটেডের জমাট রক্ষণ ভাঙতে বারবার সমস্যায় পড়ে তারা। আক্রমণে উঠলেও শেষ পাস এবং ফিনিশিংয়ে খামতি ছিল সবুজ-মেরুনের খেলায়। ফলে প্রথমার্ধ গোলশূন্যভাবেই শেষ হয়।

দ্বিতীয়ার্ধে গোলের জন্য আরও মরিয়া হয়ে ওঠে মোহনবাগান। একের পর এক আক্রমণ তৈরি হলেও ইউনাইটেডের গোলরক্ষক ও রক্ষণ প্রতিরোধ গড়ে তোলে। সময় যত গড়াতে থাকে, ততই বাড়তে থাকে মোহনবাগানের চাপ। অবশেষে নির্ধারিত সময়ের একেবারে শেষদিকে আসে কাঙ্ক্ষিত গোল। সন্দীপের গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় মোহনবাগান। মনে হচ্ছিল, শেষ মুহূর্তের গোলেই তিন পয়েন্ট নিশ্চিত করে ফেলেছে সবুজ-মেরুন। কিন্তু ম্যাচ তখনও শেষ হয়নি। সংযোজিত সময়ের পঞ্চম মিনিটে সুময় গোল করে ইউনাইটেড স্পোর্টসকে সমতায় ফেরান। মুহূর্তের মধ্যে বদলে যায় ম্যাচের ছবি। মোহনবাগানের নিশ্চিত মনে হওয়া জয় পরিণত হয় হতাশার ড্রয়ে। শেষ পর্যন্ত ১-১ স্কোরলাইনেই শেষ হয় ম্যাচ।
এই ড্রয়ে সুপার সিক্সে দুই ম্যাচ থেকে মোহনবাগানের সংগ্রহ ৪ পয়েন্ট। প্রথম ম্যাচে কোল ইন্ডিয়াকে ৫-১ গোলে হারিয়েছিল তারা। ফলে আজকের ম্যাচে তিন পয়েন্ট পেলে চ্যাম্পিয়নশিপের দৌড়ে আরও শক্ত অবস্থানে পৌঁছে যেত সবুজ-মেরুন।

এখন নজর আগামী ১৭ সেপ্টেম্বরের মোহনবাগান-মহমেডান ম্যাচে। শিরোপার লড়াইয়ে সেই ম্যাচের গুরুত্ব আরও বেড়ে গেল। পাশাপাশি কিছুটা অক্সিজেন পেল ইস্টবেঙ্গলও।

প্রতিবেদন

UTSAB RC