বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

২০০ কোটির ঘরে ‘‌হনুমান অংশ’‌, এন্ট্রি নেবেন বিরাট–অনুষ্কা?‌

13 September, 2026 7:46 PM Lopa Bhowmik
শেয়ার করুন

লোপামুদ্রা ভৌমিক
বলিউডে ঝড় তুলেছেন পরিচালক বিশাল চতুর্বেদী। মাত্র ২ কোটির বাজেটে তৈরি তাঁর ‘হনুমান অংশ’ ইতিমধ্যেই বক্স অফিসে বোমা ফাটিয়ে দিয়েছে। মুক্তির মাত্র ৩৭ দিনের মধ্যেই শুধুমাত্র দেশের মাটিতেই কামিয়ে ফেলল প্রায় ২০০ কোটি টাকা। বিশ্বের নিরিখে এই অঙ্কটা প্রায় ২৪০ কোটি টাকা!‌ ছবির প্রশংসায় পঞ্চমুখ সাধারণ দর্শক থেকে সেলিব্রিটি সকলেই। বিশেষজ্ঞদের মতে, এই ধরণের ছবি বলিউডি সিনেমায় এক নতুন দিক খুলে দিতে পারে।
‘হনুমান অংশ’ মুক্তির পর ফের নতুন করে চর্চায় উঠে এসেছেন নিম করোলি বাবা। হেভিওয়েট এই ‘‌বাবা’‌র একনিষ্ঠ ভক্ত ছিলেন আমেরিকান আধ্যাত্মিক গুরু রাম দাস ওরফে রিচার্ড অ্যালপার্ট। যিনি ভারতে এসেছিলেন শুধুমাত্র নিম করোলি বাবার সঙ্গে দেখা করবেন বলেই। তারপরই জীবন বদলে যায় হাভার্ডের মনোবিজ্ঞানের অধ্যাপক রিচার্ডের। যার বিবরণ তিনি লিখে রেখেছেন ‘‌Be Here Now’‌ বইতে। স্টিভ জোবস একসময় ভারতে এসে উত্তরাখণ্ডের কুমায়ুন অঞ্চলের কোঁচি ধামে করোলি বাবার আশ্রমে গিয়েছিলেন। করোলি বাবাকে নিয়ে যথেষ্ট উৎসাহ দেখা গিয়েছিল অভিনেত্রী জুলিয়া রবার্টস, ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গের মধ্যেও। স্বাভাবিকভাবেই বিশাল চতুর্বেদী নির্মিত এই সিনেমা ফের উসকে দিয়েছে নিম করোলি বাবার প্রসঙ্গ।
১৯০০ সালে উত্তরপ্রদেশের আকবরপুর গ্রামে জন্ম হয় নিম করোলি বাবার। হিন্দু আধ্যাত্মিক গুরু ও বজরঙ্গবলীর ভক্ত হিসেবেই তাঁর পরিচিতি ছিল। তাঁকে নিয়ে কিংবদন্তির শেষ নেই। ১৯৬২ সালে কোঁচিতে আশ্রম প্রতিষ্ঠা করেন তিনি। পরবর্তীতে যেটি উল্লেখযোগ্য ধর্মস্থানে পরিণত হয়। হনুমানজির প্রতি করোলি বাবার ভক্তি দেখে অনেকেই তাঁকে বজরঙ্গবলীর বরপুত্র মনে করতেন। ‘হনুমান অংশ’ ছবিতে দেখানো হয়েছে সেই কাহিনীই। আসলে নিম করোলি বাবার শিক্ষায় কঠিন আচার বা জটিল সাধনার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল মানুষের পাশে দাঁড়ানো। ক্ষুধার্তকে খাবার দেওয়া, অন্যকে ভালোবাসা এবং ঈশ্বরকে স্মরণ করা। এর মধ্যেই তিনি জীবনের মূল অর্থ খোঁজার চেষ্টা করেছিলেন। তাঁর ভক্তদের বিশ্বাস, এই সহজ বার্তার মধ্যেই রয়েছে তাঁর আধ্যাত্মিক দর্শনের শক্তি।
বড় তারকা বা বিপুল প্রচারের ওপর নির্ভর না করেও যে ছবির গায়ে হিটের তকমা লাগানো যায় ‘‌হনুমান অংশ’‌ দিয়ে তা প্রমাণ করে দিয়েছেন বিশাল চতুর্বেদী। জানা গেছে, মোট তিনটি পর্বে নিম করোলি বাবার জীবন ও তাঁর আধ্যাত্মিক প্রভাবকে তুলে ধরার পরিকল্পনা রয়েছে প্রযোজক–পরিচালকের। আর কিছুদিনের মধ্যেই শুটিং শুরু হবে ছবির দ্বিতীয় পর্বের। এবং সেই পর্ব নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে গুঞ্জন। কারণ, কানাঘুষো যে ক্রিকেটার মুখ বিরাট কোহলি এবং তাঁর স্ত্রী অভিনেত্রী অনুষ্কা শর্মা একসঙ্গে স্ক্রিন শেয়ার করবেন ‘‌হনুমান অংশ’‌–র দ্বিতীয় ভাগটিতে। শোনা যাচ্ছে ইতিমধ্যেই নাকি ছবিতে অভিনয়ের বিষয়ে প্রযোজকের সঙ্গে একপ্রস্থ কথাবার্তা হয়ে গিয়েছে এই তারকা জুটির। যদিও এ প্রসঙ্গে মুখ খোলেননি প্রযোজক নম্রতা সিং। এখনও কিছু জানাননি বিরাট–অনুষ্কাও। তবে জানানো হয়েছে যে, দ্বিতীয় পর্বে গল্প গিয়ে পৌঁছবে কোঁচি ধামে। নিম করোলি বাবার সংস্পর্শে এসে যাঁদের জীবন বদলে গিয়েছিল, তাঁদের কথাও ওই পর্বে গল্পের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে। আর একদম শেষ অর্থাৎ তিন নম্বর পর্বে দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন দেশে করোলি বাবার প্রভাবকে তুলে ধরা হবে। যে সব বিখ্যাত মানুষের জীবন নিম করোলি বাবার দর্শন ও আধ্যাত্মিক প্রভাবে বদলে গিয়েছিল, উঠে আসবে সেই কাহিনি।

প্রতিবেদন

Lopa Bhowmik