পোর্সেকাণ্ডের ছায়া: পুনেতে গাড়ির ধাক্কায় মৃত ইঞ্জিনিয়ার
সংবাদদাতা, নয়াদিল্লি: ফের উসকে উঠল পোর্সেকাণ্ডের স্মৃতি। পুণেতে বেপরোয়া গাড়ির ধাক্কায় মারা গেলেন এক সফ্টঅয়্যার ইঞ্জিনিয়ার। জানা গেছে, মৃতের নাম বীরেন্দ্র দ্বিবেদী। রবিবার মর্নিং ওয়াকে বেরিয়েছিলেন তিনি। তখনই রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির এসইউভি তাঁকে ধাক্কা মারে। গাড়িটির সামনের অংশে আটকে যান বীরেন্দ্র। সেই অবস্থাতেই তাঁকে বেশ কিছুটা হিঁচড়ে নিয়ে যায় গাড়িটি। তারপর রাস্তাতেই ছিটকে পড়েন বীরেন্দ্র। তিনি ছিটকে পড়তেই গতি বাড়িয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায় চালক।
আশঙ্কাজনক অবস্থায় বেশ কিছুক্ষণ রাস্তায় পড়ে ছিলেন বীরেন্দ্র। পরে স্থানীয় বাসিন্দারাই তাঁকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। চতুশ্রুঙ্গি থানার ইনস্পেক্টর ছায়া বোরকর জানিয়েছেন, মৃত বীরেন্দ্র হিঞ্জেনওয়াড়ি এলাকায় একটি তথ্যপ্রযুক্তি সংস্থায় চাকরি করতেন। পুলিশ জানিয়েছে, যেখানে দুর্ঘটনা ঘটে সেই এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে ঘাতক গাড়িটিকে চিহ্নিত করা হয়েছে। গাড়িটির নম্বর MH 12 YS 0622। গাড়িটি চালাচ্ছিল ঈশান বিশাল শেঠিয়া নামে ১৯ বছর বয়সী এক কিশোর। ঘটনায় সে নিজেও আহত হয়েছে। বর্তমানে চিকিৎসা চলছে তার। মনে করা হচ্ছে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিল ছেলেটি। তার নামে মামলা দায়ের করা হয়েছে।
২০২৪ সালের ১৯ মে এই পুণেতেই বেপরোয়া ভাবে পোর্শে চালিয়ে দুজন ইঞ্জিনিয়ারকে ধাক্কা মারার অভিযোগ উঠেছিল এক নাবালকের বিরুদ্ধে। সেই ঘটনা দেশজুড়ে তোলপাড় ফেলে দিয়েছিল।
