বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

আগামী 10 বছরে মানবসভ্যতা ধ্বংস করবে AI, সতর্কবার্তা অ্যানথ্রোপিক গবেষকের

12 September, 2026 7:52 PM UTSAB RC
শেয়ার করুন

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর ঝুঁকি নিয়ে কাজ করা সংস্থাগুলির মধ্যে অন্যতম অ্যানথ্রোপিক। সেই সংস্থারই এক শীর্ষস্থানীয় নিরাপত্তা বিষয়ক গবেষক এবার সতর্ক করে বলেছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এতটাই দ্রুত গতিতে উন্নত হচ্ছে যে আগামী দশ বছরের মধ্যে এটি “সমস্ত মানুষকে হত্যা করতে পারে”। তাঁর মতে ১০ শতাংশেরও বেশি এমন সম্ভাবনাও থেকেই যাচ্ছে।

কী বলেছেন ইভান হাবিঙ্গার?

অ্যানথ্রোপিকের গবেষক ইভান হাবিঙ্গার এক্স হ্যান্ডেলে একটি পোস্টে জানিয়েছেন, বর্তমানে এআই মডেলগুলির ঝুঁকি তুলনামূলকভাবে কম। তবে তিনি উদ্বিগ্ন যে, এই প্রযুক্তি হয়তো শিগগিরই এমন একটি পর্যায়ে পৌঁছে যাবে, যা মানবজাতির অস্তিত্ব সংকট হয়ে উঠতে পারে। তবে ভবিষ্যতে এআই ঠিক কীভাবে মানবজাতিকে বিপন্ন করে তুলতে পারে, তার বিস্তারিত ব্যাখ্যা তিনি দেননি।

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে ক্রমাগত যে সব কড়া সতর্কবার্তা আসছে বিশেষজ্ঞদের পক্ষ থেকে , তারই সাম্প্রতিকতম সংযোজন এই মন্তব্য। বিতর্কটা এখন আর এআই থেকে ঝুঁকি আছে কি না, তা নিয়ে নয়— বরং সেই ঝুঁকি ঠিক কতটা বড়, তা নিয়েই আলোচনা চলছে বিশেষজ্ঞ মহলে।

প্রাক্তন গবেষকের কড়া বার্তা

অ্যানথ্রোপিকের প্রাক্তন গবেষক জেকব কক্সনের একটি পোস্টের জবাবে হাবিঙ্গারও মন্তব্য করেন । কক্সন এর আগে ওপেনএআই-তেও কর্মরত ছিলেন। তিনি লিখেছিলেন, কোনও সংস্থাই দায়িত্বশীল আচরণ করছে না, এবং শিগগিরই এই প্রযুক্তিগুলি এমন অতিমানবীয় সিস্টেমে পরিণত হবে যা যে কোনও কিছু হ্যাক করতে, রাতারাতি যে কোনও ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে এবং প্রকৃত ক্ষমতা ও সম্পদ অর্জন করতে সক্ষম হবে।

রাষ্ট্রসঙ্ঘে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে পরামর্শদাতা কম্পিউটার বিজ্ঞানী ডেম ওয়েন্ডি বিবিসিকে জানিয়েছেন, সামাজিক মাধ্যমে হাবিঙ্গার ও কক্সনের পোস্ট দেখে তিনি রীতিমতো হতবাক হয়েছেন। বিবিসি রেডিও ফোরের ‘ওয়ার্ল্ড অ্যাট ওয়ান’ অনুষ্ঠানে তিনি বলেন, এই ধরনের মন্তব্যের কিছু অংশ জনসংযোগ ও বিপণন কৌশলের অংশও হতে পারে, কারণ অ্যানথ্রোপিক ও ওপেনএআই তখন শেয়ার বাজারে আত্মপ্রকাশের জন্য দ্রুতগতিতে এগোচ্ছিল। তবে তিনি প্রশ্ন তোলেন, কেউ কেন এমন কথা বলতে চাইবে, এবং বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানান, যদি এটাই সংস্থার মূল্যবোধ হয়, তাহলে যেন তাঁরা এমন সংস্থায় বিনিয়োগ না করেন। এই ঘটনার প্রেক্ষিতে ব্রিটিশ অর্থ মন্ত্রণালয়ের প্রাক্তন চিফ সেক্রেটারি এবং প্রাক্তন প্রধানমন্ত্রী কিয়ের স্টারমারের চিফ সেক্রেটারি ড্যারেন জোন্স প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহামকে একটি খোলা চিঠি লেখেন। চিঠিতে তিনি কৃত্রিম বুদ্ধিমত্তার নিরাপদ বিকাশের জন্য একটি নতুন বহুজাতিক চুক্তির আহ্বান জানান। তিনি বিবিসিকে বলেন, সুপার ইন্টেলিজেন্সের উন্নতির প্রেক্ষিতে একটি চুক্তি ঠিক কেমন হওয়া উচিত, তা নিয়ে সরকারগুলিকে একত্রিত হয়ে সহযোগিতার হাত বাড়াতে হবে। তাঁর সতর্কবার্তা, সরকারগুলো যদি এই আশঙ্কাগুলিকে যথেষ্ট গুরুত্ব না দেয়, তাহলে প্রযুক্তির অগ্রগতি এমন গতিতে হতে পারে যে সমস্যাটি আদৌ কতটা গুরুতর তা বিশ্লেষণের আগেই বিশ্ব সংকটে পড়ে যেতে পারে।

এআইএসআই-কে তথ্য না দেওয়ার অভিযোগ

এদিকে ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, অ্যানথ্রোপিক যুক্তরাজ্যের এআই সিকিউরিটি ইনস্টিটিউট বা এআইএসআই-এর কাছে তাদের সর্বশেষ মডেলটি প্রকাশ করেনি। এআই ঝুঁকি মূল্যায়নে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় এই সংস্থার কাছে তথ্য গোপন রাখার অভিযোগ উঠেছে সংস্থাটির বিরুদ্ধে। তবে অ্যানথ্রোপিক তাদের কর্মীদের পোস্ট বা এআইএসআই সংক্রান্ত পরিস্থিতি নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি। বিষয়টি নিয়ে সরাসরি মন্তব্য এড়িয়ে ক্যাবিনেট অফিসের এক মুখপাত্র শুধু জানিয়েছেন, মডেলগুলিকে আরও নিরাপদ করে তুলতে অ্যানথ্রোপিক-সহ শিল্প অংশীদারদের সঙ্গে তারা ঘনিষ্ঠভাবে সহযোগিতা চালিয়ে যাচ্ছে।

প্রতিবেদন

UTSAB RC