বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

যৌথতা ও পথচলার ১৮ বছর

12 September, 2026 6:25 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সুনেত্রা সেনগুপ্ত

২০০৯ সালে বন্ধু-বান্ধব এবং কাছের মানুষদের সহযোগিতায় পথচলা শুরু হয় Forum for Intimate Theatre Activists (FITA)-এর । উদ্দেশ্য ছিল খুব সহজ, অথচ গুরুত্বপূর্ণ—অন্তরঙ্গ থিয়েটার নিয়ে কাজ করা লোকজন ও দলগুলোর নিজেদের কথা বলার, ভাবনা ভাগ করে নেওয়ার এবং একসঙ্গে কাজ করার একটি জায়গা তৈরি করা।

দেখতে দেখতে ১৭ বছর পেরিয়ে ‘ফিটা’  ১৮ বছরে পা দিয়েছে। এই দীর্ঘ পথচলাকে উদযাপন করতে এ বছর বিভিন্ন সময়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গত মার্চ মাসে নিভৃত পূর্ণিমা নাট্যগ্রাম শান্তিনিকেতনে অনুষ্ঠিত হয়ে গেল দু’দিনের নাট্য উৎসব। জুলাই মাসে শ্রদ্ধেয় বাদল সরকারের জন্মদিন উপলক্ষে দমদমের অ্যাক্ট ওয়ান স্টুডিওতে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের।

সম্প্রতি গোবরডাঙার শিল্পায়ন স্টুডিও থিয়েটারে অনুষ্ঠিত হল ‘অন্তরঙ্গ নাট্য সন্ধ্যা’। এই বিশেষ অনুষ্ঠানে বিশিষ্ট নাট্য নির্দেশক আশিস চট্টোপাধ্যায়কে সম্মাননা জানানো হয়। পাশাপাশি ফিটা-র সঙ্গে যুক্ত বিভিন্ন নাট্যদল তাদের নাট্যপ্রযোজনা উপস্থাপন করে।
একটি অন্তরঙ্গ থিয়েটারের ফোরাম হিসেবে ১৮ বছরের পথচলায় ফিটা-র সঙ্গে যেমন বহু পুরনো নাট্যদল যুক্ত রয়েছে, তেমনই সময়ের সঙ্গে যুক্ত হয়েছে নতুন নতুন দল ও নাট্যকর্মীরা—যাঁরা অন্তরঙ্গ থিয়েটার নিয়ে কাজ করছেন, ভাবছেন এবং নতুন সম্ভাবনার সন্ধান করছেন। কলকাতা ও পার্শ্ববর্তী জেলার পাশাপাশি উত্তরবঙ্গেরও বেশ কিছু নাট্যদল বর্তমানে ফিটা-র সঙ্গে যুক্ত।

ফিটা এখনও পর্যন্ত কোনও সরকারি নথিভুক্ত সংগঠন নয়। নিজেদের যুক্ত নাট্যদলগুলির আর্থিক সহযোগিতা নিয়েই এতদিন ধরে এই ফোরামের বিভিন্ন কাজ পরিচালিত হয়ে চলেছে। সীমিত সামর্থ্যের মধ্যেও বেশ কয়েক বছর ধরে এই সংগঠন চেষ্টা করে চলেছে অন্তরঙ্গ নাটককে শুধু এই রাজ্যের মধ্যে সীমাবদ্ধ না রেখে দেশের অন্যান্য প্রান্তেও পৌঁছে দিতে।

অন্তরঙ্গ থিয়েটারের যে চর্চা আজ ধীরে ধীরে আরও বিস্তৃত হচ্ছে, সেই ধারার ভাবনা ও প্রসারে ফিটা-র দীর্ঘদিনের ভূমিকা রয়েছে। বলা যায়, দেশে অন্তরঙ্গ থিয়েটার নিয়ে কাজ করা দলগুলির একটি সম্মিলিত পরিসর তৈরির প্রাথমিক উদ্যোগগুলির অন্যতম ছিল ফিটা।
অন্তরঙ্গ নাট্যচর্চার সঙ্গে যাঁরা যুক্ত হতে চান, যাঁরা এই ভাবনাকে এগিয়ে নিয়ে যেতে চান—তাঁদের সকলকে ফিটা সবসময়ই স্বাগত জানিয়ে এসেছে।
চারপাশে যখন যৌথতা ক্রমশ কমে আসছে, তখনও ফিটা চেষ্টা করছে একসঙ্গে থাকার, একে অন্যের পাশে দাঁড়ানোর এবং অন্য ধারার থিয়েটারের ভাবনাগুলিকে বাঁচিয়ে রাখার।

প্রতিবেদন

Lopa Bhowmik