বকেয়া পাওনার দাবিতে ঠিকাদারদের বিক্ষোভ কালিয়াচকে
সংবাদদাতা, মালদহ: কাজ করেও দীর্ঘদিন ধরে মেলেনি কয়েক কোটি বকেয়া টাকা। পাওনার দাবিতে এবার বিক্ষোভে নামলেন কালিয়াচক ২ নম্বর ব্লকের ঠিকাদাররা।
শুক্রবার বিডিও অফিসে বিক্ষোভ দেখান তাঁরা। বিক্ষোভকে ঘিরে মোথাবাড়ি এলাকায় উত্তেজনার সৃষ্টি হয়। ঠিকাদারদের দাবি, কালিয়াচক ২ নম্বর ব্লকে প্রায় ১৮০ জন ঠিকাদার রয়েছেন। তাঁদের দিয়ে একশো দিনের কাজ ও আবাস যোজনার বিভিন্ন কাজ করানো হয়েছিল। কিন্তু কাজ সম্পূর্ণ করার পর দীর্ঘদিন পেরিয়ে গেলেও প্রাপ্ত টাকা দেওয়া হয়নি। সব মিলিয়ে কয়েক কোটি টাকা বকেয়া রয়েছে বলেও দাবি করেছেন ঠিকাদাররা। বিক্ষোভকারীদের অভিযোগ, কাজ করার জন্য অনেকেই ব্যাংক থেকে ঋণ নিয়েছিলেন। আবার কেউ পরিচিত ব্যক্তি বা অন্য কোনওভাবে টাকা ধার করে কাজ করেছিলেন। কাজ শেষ হয়ে গেলেও সেই টাকা হাতে না আসায় এখন তাঁদের ওপর আর্থিক চাপ বাড়ছে।যাঁদের কাছ থেকে টাকা ধার নেওয়া হয়েছিল, তাঁরাও টাকা ফেরতের জন্য চাপ দিচ্ছেন। ফলে একদিকে বকেয়া টাকা না পাওয়া ও অন্যদিকে ঋণের টাকা পরিশোধের চাপ— দুইয়ের মাঝে পড়ে চরম সমস্যায় রয়েছেন তাঁরা। ঠিকাদাররা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে বকেয়া টাকা না পাওয়ার কারণে তাঁদের অনেকেই আর্থিক সংকটের মধ্যে পড়েছেন। পাওনাদারদের চাপ সামলাতে অনেককে পালিয়ে বেড়ানোর মতো পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে। তাঁদের দাবি, ইতিমধ্যেই এই আর্থিক সংকটের কারণে কয়েকজন ঠিকাদার মারা গিয়েছেন।বিক্ষোভকারীদের বক্তব্য, দীর্ঘদিন ধরে প্রশাসনের বিভিন্ন স্তরে বিষয়টি জানানো হলেও সমস্যার সমাধান হয়নি। ফলে বাধ্য হয়েই তাঁরা বিডিও অফিসের সামনে বিক্ষোভের সিদ্ধান্ত নিয়েছেন। দ্রুত তাঁদের বকেয়া টাকা মেটানো না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলেও জানানো হয়েছে। এদিন বিক্ষোভের পর ঠিকাদারদের একটি প্রতিনিধি দল বিডিও কৈলাস প্রসাদ ও পঞ্চায়েত সমিতির সভাপতি অলোক মণ্ডলের কাছে স্মারকলিপি জমা দেন। পঞ্চায়েত সমিতির সভাপতি বলেন, ‘ওঁদের অভিযোগ শোনা হয়েছে। বিষয়টি বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
তবে প্রশাসনিক এই আশ্বাস সত্ত্বেও খুব দ্রুত বকেয়া টাকা না মিললে কালিয়াচক-২ নম্বর ব্লকে উন্নয়নমূলক কাজের ভবিষ্যৎ নিয়ে বড়সর প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে।
