বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

Kolkata League: কোল ইন্ডিয়াকে পাঁচ গোল দিয়ে ডার্বির ক্ষতয় কিছুটা মলম দিল মোহনবাগান

11 September, 2026 3:46 AM Arko Banerjee
শেয়ার করুন

কলকাতা: ডুরান্ড ফাইনালে ইস্টবেঙ্গলের কাছে লজ্জার হার। তার পর কলকাতা লিগের ডার্বিতে সিনিয়র দল নামিয়েও ড্র। পরপর দুই ধাক্কায় সমালোচনায় বিদ্ধ হতে হয়েছে কলকাতার শতাব্দী প্রাচীন ক্লাব মোহনবাগানকে। কলকাতা লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডের প্রথম ম্যাচেই অবশ্য মাঠে ডার্বির জ্বালা কিছুটা মেটাল সবুজ-মেরুন ব্রিগেড। কোল ইন্ডিয়াকে ৫-১ গোলে উড়িয়ে দুরন্ত শুরু করল বাস্তব রায়ের দল। প্রথমার্ধেই পাঁচ গোল করে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে নিয়েছিল ম্যারিনাররা। দ্বিতীয়ার্ধে অবশ্য গোলের খরা কিছুটা ভাবাবে মোহনবাগানকে।

কলকাতা লিগের চ্যাম্পিয়নশিপ রাউন্ডেও গোলনষ্টের প্রদর্শনী

শুরু থেকেই আক্রমণের ঝড় তুলেছিল সবুজ-মেরুন। দ্বিতীয় মিনিটেই মনবীর সিংয়ের সেট-আপ থেকে সুযোগ পেয়েছিলেন লিস্টন কোলাসো। পরের মিনিটে তাঁর ফ্রিকিকও কাজে লাগেনি। পাঁচ মিনিটে গোলকিপারকে টপকে গোল করার সুযোগ পেয়েও ব্যর্থ লিস্টন। কোল ইন্ডিয়াও পাল্টা আক্রমণে উঠে আসছিল। ১০ মিনিটে সায়ন রায়ের শট কোনও মতে সামলান মোহনবাগানের গোলকিপার।

ত্রাতা মনবীর ও ডার্বির জ্বালা মিটল

গোলের জন্য অবশ্য বেশি অপেক্ষা করতে হয়নি। ২০ মিনিটে সাহাল আবদুল সামাদের ডিফেন্স-চেরা পাস ধরে গোলকিপারকে কাটিয়ে মোহনবাগানকে এগিয়ে দেন মনবীর। এরপর যেন দ্রুতগতির ফুটবলের সামনে ভেঙে পড়ে কোল ইন্ডিয়ার রক্ষণ। ৩৩ মিনিটে তিন ডিফেন্ডারের মাঝ দিয়ে দুরন্ত শটে ব্যবধান বাড়ান সাহাল। তিন মিনিট পর কিয়ান নাসিরির সেট-আপ থেকে সাইড ভলিতে গোল সন্দীপ মালিকের। এক মিনিটের মধ্যেই কিয়ান নিজেও নাম লেখান গোলদাতার তালিকায়।

আরও পড়ুন: Kolkata Derby: বড় নামের দর্পচূর্ণ! তারকাসমৃদ্ধ মোহনবাগানকে আটকে ইতিহাস ইস্টবেঙ্গলের জুনিয়রদের

 আরও পড়ুন: Kolkata Derby: বারাসতে ডার্বি, কলকাতায় এশিয়ার লড়াই—ইস্টবেঙ্গলের সামনে জোড়া স্বপ্ন

বিরতির আগে আরও একবার গোল। পেনাল্টি থেকে নিজের দ্বিতীয় গোল করেন মনবীর। ৪৫ মিনিটের আগেই ৫-০। ডার্বির পর যে মোহনবাগানের আক্রমণ নিয়ে প্রশ্ন উঠেছিল, সেই দলই প্রথমার্ধে কার্যত ম্যাচ শেষ করে দিল। একই সঙ্গে মেটাল ডার্বির জ্বালা ।

দ্বিতীয়ার্ধে গোলের খরা 

কিন্তু দ্বিতীয়ার্ধে ছবিটা বদলে গেল। ৪৭ মিনিটে মনবীরের সামনে সুযোগ এলেও গোল হয়নি। কিয়ানের ক্রস থেকে সুযোগ পেয়েও ব্যর্থ সায়ন। পরে গোলকিপারকে একা পেয়েও লক্ষ্যভ্রষ্ট হন তিনি। পাঁচ গোলের ব্যবধান আরও বাড়ানোর একাধিক সুযোগ নষ্ট হল। উল্টো ৭৪ মিনিটে পেনাল্টি থেকে কোল ইন্ডিয়ার হয়ে গোল করেন ইরফান। সন্দীপ মালিকের হাতে বল লাগায় পেনাল্টি পেয়েছিল কোল ইন্ডিয়া। শেষ পর্যন্ত ৫-১ ব্যবধানেই জয় মোহনবাগানের।

ডার্বির ধাক্কা সামলে এই জয় নিঃসন্দেহে বড় স্বস্তি। কিন্তু চ্যাম্পিয়নশিপ রাউন্ডের লড়াইয়ে শুধু জয় নয়, গোলপার্থক্যও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তাই প্রথমার্ধের পাঁচ গোলের ঝলকের পর দ্বিতীয়ার্ধের গোলশূন্যতা—জয়ের রাতেও বাস্তব রায়ের দলের কাছে সেটাই হয়তো সবচেওয়ে বড় আফসোস।

প্রতিবেদন

Arko Banerjee