তিনদিনের সফরে ভারতে পুতিন, আসছেন অন্য রাষ্ট্রপ্রধানরাও
সংবাদদাতা, দিল্লি: তিন দিনের ভারতে সফরে এসেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার ভোর তখন প্রায় ৪টে। দিল্লির পালাম বায়ুসেনা ঘাঁটিতে অবতরণ করে পুতিনের উড়ান। তাঁকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং। আগামীকাল, শনিবার থেকে দিল্লির ভারত মণ্ডপমে বসতে চলেছে ১৮ তম ব্রিক্স সম্মেলন। যোগ দেবেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, চিনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ বহু দেশের রাষ্ট্রপ্রধানরা। পুতিন শুক্রবার এসে গেলেও বাকি রাষ্ট্রপ্রধানদের আসার কথা শনিবার।
এদিকে শুক্রবার দুপুরেই মোদি–পুতিন মুখোমুখি একটি দ্বিপাক্ষিক আলোচনা হওয়ার কথা আছে। ধারণা করা হচ্ছে এই বৈঠকে মূলত প্রধান্য পাবে প্রতিরক্ষা, বিদ্যুৎ, প্রযুক্তির মতো ক্ষেত্রগুলিতে দিল্লি এবং মস্কোর মধ্যে সহযোগিতা কীভাবে আরও জোরদার করা যায় সেই বিষয়টি।
গত মাসের শেষেই কিরগিজস্তানের রাজধানী বিশকেকে ‘শাংহাই কো–অপারেশন অর্গানাইজেশন’–এর শীর্ষ সম্মেলনে দেখা হয়েছিল মোদি এবং পুতিনের। জানা গিয়েছিল, সেই সময় ভারত–রুশ দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি ব্রিক্সের বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছিল দুই রাষ্ট্রনেতার মধ্যে। সে সময়ই মোদি জানিয়েছিলেন ১২–১৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হবে ব্রিক্স সম্মেলন। সেখানে অংশ নেবেন পুতিনসহ আরও অন্য দেশের প্রধানরা।
এদিকে ব্রিকস সম্মেলন নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন নরেন্দ্র মোদি। সেখানে লিখেছেন ‘আগামী কয়েকদিন বিশ্বের বিভিন্ন প্রান্তের রাষ্ট্রপ্রধানেরা ব্রিক্স সম্মেলনের জন্য সমবেত হবেন। আমার আশা যে, এই সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়ে ইতিবাচক এবং অর্থপূর্ণ আলোচনা হবে। বিশ্বশান্তির বিষয়টিও আলোচনায় এখানে স্থান পাবে।’
এদিকে সম্মেলনকে কেন্দ্র করে সেজে উঠেছে রাজধানী। জানা গেছে, বৈঠকের উদ্বোধন অনুষ্ঠানে ভারত মণ্ডলম মুখোরিত হয়ে উঠবে এ আর রহমানের ‘জয় হো’ গানে। আয়োজন করা হয়েছে এই গানের সুরে সুরে নৃত্যরত আলো–ফোয়ারার একটি বিশেষ শো।
