বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

এবার ধস মিরিকে, তৈরি হয়েছে কৃত্রিম হ্রদ

07 September, 2026 3:55 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, মিরিক:‌ নেপালের ক্ষত এখনও দগদগে। তার আগেই ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় মিরিকে। ব্যাপক ধস নেমেছে মঙ্গরজং চা বাগানের রাংভং নদীতে। ফলে আটকে গিয়েছে নদীর গতিপথ। হাই অ্যালার্ট জারি করা হয়েছে দার্জিলিংয়ে। মিরিক থেকে শিলিগুড়ি নদী তীরবর্তী এলাকায় জারি হয়েছে লাল সতর্কতা। আশঙ্কা করা হচ্ছে, এরপর এলাকায় মেঘভাঙা বৃষ্টি হলে পরিস্থিতি বিপজ্জনক হয়ে উঠতে পারে।
জানা গেছে, শনিবার মিরিক বস্তি ২ এলাকায় রাংভং নদীতে পাহাড় থেকে বিপুল পরিমাণ মাটি ও পাথর ধসে পড়েছে। যা নদীর স্বাভাবিক গতিপথকে বন্ধ করে দিয়েছে। ধসের আঘাতে সেখানে একটি বিশাল কৃত্রিম হ্রদ তৈরি হয়ে গিয়েছে।
এদিকে রাংভং নদী সমতলে নেমে এসে মিলেছে বালাসন নদীতে। ফলে কৃত্রিম হ্রদের বাঁধ ভেঙে গেলে শুধু মিরিকের নীচু এলাকাই নয়, বিস্তীর্ণ অঞ্চলে তার প্রভাব পড়বে। আশঙ্কা, তেমন পরিস্থিতিতে নকশালবাড়ি থেকে কার্শিয়াং বনাঞ্চলের বিভিন্ন অংশও ভেসে যেতে পারে।
প্রশাসনের আশঙ্কা, ওই হ্রদের পাড় যদি কোনওভাবে ভেঙে যায়, তাহলে বিপজ্জনক হড়পা বান দেখা দিতে পারে। আগাম ব্যবস্থা হিসেবে নদী সংলগ্ন এলাকা থেকে বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে দেওয়া হয়েছে।
সবচেয়ে খারাপ অবস্থা মিরিকের পাহিলাগাঁও স্কুল, দারা ২ গ্রাম পঞ্চায়েতের লাবারবোটার লোয়ার পালজারগাঁও এলাকার। এখানকার কমপক্ষে ৩৩টি পরিবার ধসের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতিমধ্যেই পরিবারের লোকজনদের লেপচা কমিউনিটি হলে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসন জানিয়েছে, নদীর জল হঠাৎ বেড়ে গেলে যাতে কোনও প্রাণহানি না ঘটে, তার আগাম সতর্কতা হিসেবেই এই ব্যবস্থা।
উদ্ধারকাজে নামানো হয়েছে ‘অর্জুন বাহিনী’–র বিপর্যয় মোকাবিলা দলকে। একযোগে কাজ করছে রাজ্য বিপর্যয় মোকাবিলা দল এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। পরিস্থিতি আরও জটিল হলে যাতে দ্রুত মোকাবিলা করা যায়, সেই প্রস্তুতিও নিয়ে রাখা হয়েছে। জানা গেছে, প্রয়োজনে সেনাবাহিনীরও সাহায্য চাওয়া হবে। এদিকে কৃত্রিম হ্রদটিতে জমে থাকা জল কীভাবে নিরাপদে বের করে দেওয়া হবে, তা নিয়ে আলোচনা শুরু করেছেন নদী বিশেষজ্ঞ এবং ইঞ্জিনিয়ারদের একটি দল। অন্যদিকে, পরিস্থিতি খতিয়ে দেখতে প্রশাসনের শীর্ষ আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা। উপস্থিত ছিলেন জেলাশাসক, পুলিশ সুপার, মহকুমাশাসক, বিডিওসহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।

প্রতিবেদন

Lopa Bhowmik