শ্রীনগরে পার্কিংয়ের সময় খুঁটিতে ধাক্কা ইন্ডিগো বিমানের!
সংবাদদাতা, শ্রীনগর: ফের বিপত্তি। এবারও বরাত জোরে রক্ষা পেল ইন্ডিগোর বিমান। ৬ই ২২৫ উড়ানটি শুক্রবার সকালে মুম্বই থেকে রওনা দিয়েছিল। ৯–০২ মিনিটে শ্রীনগরের শেখ উল আলম আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর সেটি আচমকাই ভিজ়ুয়াল ডকিং গাইডেন্স সিস্টেমের খুঁটিতে ধাক্কা মারে। ফলে বিমানটির সামনের দিকের অংশ ভালো রকম ক্ষতিগ্রস্ত হয়। বেঁকে যায় খুঁটিটিও। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, সব ক্রু সদস্য ও যাত্রীকে সাধারণ জেট ব্রিজের পরিবর্তে ম্যানুয়াল সিঁড়ি দিয়ে নিরাপদে বিমান থেকে বের করে আনা হয়েছে বলে জানা গেছে। ঘটনার প্রকৃত কারণ এখনও নিশ্চিত নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পরই দুর্ঘটনার কারণ স্পষ্ট হবে। এই মুহূর্তে কোনও নির্দিষ্ট কারণকে চূড়ান্ত বলে ধরা হচ্ছে না। তবে, ঘটনার পর বিমানটির পরবর্তী উড়ান নিয়ে প্রযুক্তিগত পরীক্ষা এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পরও শ্রীনগর বিমানবন্দরের স্বাভাবিক কাজকর্ম ব্যাহত হয়নি। বিমান ওঠানামা নির্ধারিত সূচি অনুযায়ীই চলছে। তবে পার্কিংয়ের মতো শেষ ধাপেও যে বিমান চলাচলের নিরাপত্তায় সামান্য ভুলেরও কোনও জায়গা নেই, শ্রীনগরের এই ঘটনা সে কথা মনে করিয়ে দিল ।
দিন তিনেক আগেই গোয়া থেকে দিল্লিগামী ইন্ডিগোর একটি বিমানের ইঞ্জিন মাঝ–আকাশে খারাপ হয়ে যায়। পাইলট তড়িঘড়ি বিমানটিকে আবার গোয়া ফিরিয়ে এনে জরুরি ভিত্তিতে অবতরণ করান। গতকাল বৃহস্পতিবার এয়ার ইন্ডিয়ার দিল্লিগামী উড়ানে হঠাৎই ‘স্মোক অ্যালার্ম’ বেজে ওঠে। বিমন তখন মাঝ আকাশে। সেটিকেও জরুরি অবতরণ করানো হয় লখনউ বিমানবন্দরে।
