বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
নিউ ফারাক্কায় ধস, বাতিল উত্তরবঙ্গগামী সব ট্রেন নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্য়াস মুখ্য়মন্ত্রীর নেপালে ৯ দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২ শ্রমিক অভিষেকের ক্য়ামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশ

ফারাক্কায় রেললাইনে ধসের জেরে বাতিল বহু ট্রেন, বাসের জন্য হুড়োহুড়ি

04 September, 2026 4:06 PM Lopa Bhowmik
শেয়ার করুন

সংবাদদাতা, শিলিগুড়ি: নিউ ফারাক্কা স্টেশন সংলগ্ন রেললাইনে ধসের জেরে উত্তরবঙ্গের সঙ্গে কলকাতার রেল যোগাযোগে বড়সড় প্রভাব পড়েছে। রেললাইন মেরামতের কাজ এখনও সম্পূর্ণ না হওয়ায় শুক্রবারও একাধিক ট্রেন বাতিল ও বহু ট্রেন দেরিতে চলাচল করছে। ফলে নিউ জলপাইগুড়ি স্টেশনে চরম হয়রানির মুখে যাত্রীরা। তারওপর আচমকা এনজেপি থেকে হাওড়াগামী শতাব্দী এক্সপ্রেস বাতিল হওয়ায় সমস্যায় পড়েন বহু যাত্রী। হাওড়া থেকে এনজেপিগামী শতাব্দী এক্সপ্রেসও প্রায় সাড়ে ১০ ঘণ্টা দেরিতে চলছে। উত্তরবঙ্গগামী ও উত্তরবঙ্গ থেকে কলকাতামুখী একাধিক ট্রেন নির্ধারিত সময়ের তুলনায় দেরিতে চলায় দীর্ঘক্ষণ স্টেশনে অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের। বাতিল ট্রেনের যাত্রীদের একাংশকে বিকল্প পরিবহণের ব্যবস্থা করতে গিয়ে অতিরিক্ত খরচ ও সমস্যার মুখে পড়তে হচ্ছে। বিশেষ করে কলকাতা ও উত্তরবঙ্গের মধ্যে জরুরি কাজে যাতায়াতকারীদের দুর্ভোগ বেড়েছে। ট্রেন বাতিল ও বিলম্বের প্রভাব পড়েছে সড়ক পরিবহণেও।শিলিগুড়ির তেনজিং নোরগে বাস টার্মিনাসে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাসে চরম যাত্রীচাপ। টার্মিনাস থেকে বর্তমানে পাঁচটি বাস চলাচল করছে বলে জানা গিয়েছে। কিন্তু ওই পাঁচটি বাসের কোনওটিতেই টিকিট নেই।

তবে এরমধ্যেই যাত্রীদের জন্য আশার কথা জানিয়েছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। খবর, টিকিটের চাহিদা আরও বাড়লে অতিরিক্ত বাস চালানোর প্রস্তুতি নিয়েছে কর্তৃপক্ষ। এদিকে, ফারাক্কা স্টেশন সংলগ্ন রেললাইনে ধসের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও মেরামতির কাজ এখনও শেষ করা যায়নি। রেলকর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় লাইন সারানোর কাজ চালিয়ে যাচ্ছেন। রেললাইনের পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ট্রেন চলাচলে প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। ফলে গতকালের মতো আজও রেল পরিষেবা বিঘ্নিত হবে বলে খবর রেলসূত্রে।

বাতিল হওয়া ট্রেনের তালিকায় রয়েছে হাওড়া–গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস, শিয়ালদা–বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস, শিয়ালদা–আলিপুরদুয়ার কাঞ্চনকন্যা এক্সপ্রেস, হাটেবাজারে এক্সপ্রেস, শিয়ালদা–মালদা টাউন গৌড় এক্সপ্রেস, শিয়ালদা– নিউ আলিপুরদুয়ার দার্জিলিং মেল, শিয়ালদা–বালুরঘাট এক্সপ্রেস, শিয়ালদা–নিউ আলিপুরদুয়ার পদাতিক এক্সপ্রেস, শিয়ালদা–জলপাইগুড়ি হামসফর এক্সপ্রেস, কলকাতা–রাধিকাপুর এক্সপ্রেস, যোগবাণী এক্সপ্রেস, হাওড়া–কাটিহার এক্সপ্রেস প্রভৃতি। শিয়ালদহ থেকে বাতিল তিস্তা-তোর্সা এক্সপ্রেস। হাওড়া-মালদা ইন্টারসিটি, সাহেবগঞ্জ-মালদা বাতিল করা হয়েছে।

রেল সূত্রে খবর, মালদা থেকে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে যাওয়ার বেশিরভাগ ট্রেনই বাতিল হয়েছে। হাতেগোনা কিছু ট্রেন আজিমগঞ্জ স্টেশন হয়ে ঘুরপথে চালানোর ব্যবস্থা হয়েছে।এদিকে, মালদার বহু যাত্রী বৃহস্পতিবার রাতে ট্রেন বাতিল হয়ে যাওয়ায় স্টেশন থেকে ফিরতে বাধ্য হন। শুক্রবার সকালেও একের পর এক ট্রেন বাতিলের ঘোষণায় সমস্যা আরও বেড়েছে। যাত্রীদের অভিযোগ, রেলের তরফে ট্রেন বাতিলের খবর সময় থাকতে না জানানোয় বিকল্প ব্যবস্থা করতে পারা যাচ্ছে না। যাত্রীদের অভিযোগ, কবে বা কখন থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হবে তার স্পষ্ট কোনও নির্দেশিকা নেই। ফলে পরবর্তী পরিকল্পনা করতেও সমস্যায় পড়তে হচ্ছে।

এদিকে পরিবহণমন্ত্রী অর্জুন সিংয়ের উদ্যোগে গুরুত্বপূর্ণ কয়েকটি রুটে অতিরিক্ত বাস পরিষেবা চালু করা হয়েছে। শুক্রবার কলকাতা–শিলিগুড়ি রুটে ২৩টি অতিরিক্ত বাস চালানো হচ্ছে। একটি নিয়মিত বাস যেটি মালদা পর্যন্ত যেত, সেই বাস শিলিগুড়ি পর্যন্ত বাড়ানো হয়েছে। শিলিগুড়ি থেকে কলকাতার দিকে শুক্রবার মোট ১৮টি বাস চলাচল করছে, যার মধ্যে ১২টি অতিরিক্ত বাস। দুর্গাপুর–বালুরঘাট এবং কলকাতা–বালুরঘাট রুটেও দু’টি করে অতিরিক্ত বাস চালানো হচ্ছে। পাশাপাশি মালদা–কলকাতা রুটে পাঁচটি বাস চালু করা হয়েছে। উত্তরবঙ্গের যাত্রীদের সুবিধার জন্য ধর্মতলা বাস টার্মিনাস থেকে শিলিগুড়ির এনজেপি বাস টার্মিনাস পর্যন্ত সন্ধেয় বিশেষ বাস পরিষেবাও চালু করা হয়েছে। এই বাসগুলি বিকেল ৫–৩০ মিনিট, সন্ধে ৬–৩০মিনিট, সন্ধে ৭–৩০মিনিট, রাত ৮–৩০ মিনিট, রাত ৯টা এবং রাত ৯–৩০ মিনিটে রওনা দেবে। রেল পরিষেবা ব্যাহত হওয়ার সুযোগ নিয়ে যাতে বেসরকারি বাস অপারেটররা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিতে না পারেন, তা নিশ্চিত করতে জেলা শাসকদের বেসরকারি বাস অপারেটারদের সঙ্গে কথা বলার নির্দেশ দিয়েছে পরিবহণ দপ্তর। জানানো হয়েছে, সরকারি বাস দিয়েও যদি ভিড় সামাল দেওয়া না যায়, তবে প্রয়োজনে আপৎকালীন ভিত্তিতে বেসরকারি বাসও অধিগ্রহণ করা হতে পারে। এদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আজ রাতের মধ্যে অবস্থার উন্নতি না হলে, বিনা ভাড়ায় যাত্রীদের বাসে করে ফিরিয়ে আনার ব্যবস্থা করবে রাজ্য সরকার।

প্রতিবেদন

Lopa Bhowmik