কোপাইয়ের জলে ভাসছে কঙ্কালীতলা মন্দির
সংবাদদাতা: একটানা প্রবল বৃষ্টি চলছে কদিন ধরেই। জলস্তর বেড়ে গিয়েছে কোপাই নদীর। তার ফলে ভেসে গেল বীরভূমের সতীপীঠ কঙ্কালীতলা। মন্দির চত্বর ভেসে গেছে কোপাইয়ের ঘোলা জলে। চারপাশ এখন কার্যত হাঁটু সমান জলের তলায়। ক্রমশ অবনতি হচ্ছে পরিস্থিতির। অপ্রীতিকর দুর্ঘটনা এড়াতে তৎপর প্রশাসন। শান্তিনিকেতন থানার পুলিশ মন্দিরের মূল দরজায় ব্যারিকেড করে ভক্তদের প্রবেশে রাশ টানছে। তবে জল যন্ত্রণা আর পুলিশের কড়াকড়িও টলাতে পারছে না ভক্তদের আবেগকে। দূর দূরান্ত থেকে বহু পণ্যার্থী হাঁটু জল ভেঙেই হাজির মাতৃমূর্তি দর্শনের জন্য। মন্দির প্রাঙ্গণ প্লাবিত হলেও ব্যাহত হচ্ছে না ধর্মীয় আচার। মন্দিরের সেবাইত জানিয়েছেন, জলস্তর বাড়লেও মায়ের নিত্য পুজো ও ভোগের বিধানে কোনও ছেদ পড়বে না। প্রয়োজনে নিরাপদ স্থানে প্রতিমা সরিয়ে নিয়ে গিয়ে পুজো করা হবে। এরপরই ঝুঁকি এড়াতে মন্দির থেকে পাশের শিবমন্দিরে সরিয়ে নিয়ে যাওয়া হয় মাতৃচরণ। এদিকে জল নামানোর কাজও শুরু হয়েছে জোরকদমে। ভক্তদের সুরক্ষায় ফেলা হচ্ছে বালির বস্তা। একদিকে কোপাইয়ের গর্জন আর বন্যার আতঙ্ক, অন্যদিকে পুন্যার্থীদের অটুট বিশ্বাস— দুর্যোগের মধ্যেও এক অদ্ভুত ভক্তির আবহে ভাসছে কঙ্কালীতলা।
