Lionel Messi: মেসির ১০ নম্বর কি এবার অবসরে? আর্জেন্টিনার সিদ্ধান্তে বাড়ছে রহস্য
বুয়েনস আয়ার্স: মেসির ১০ নম্বর কি আর দেখা যাবে না আর্জেন্টিনার জার্সিতে? ৩৯ বছরের মহাতারকা জাতীয় দল থেকে বিদায় নেওয়ার পর থেকেই প্রশ্নটা ঘুরছিল। এবার আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) একটি সিদ্ধান্ত সেই জল্পনাই আরও উসকে দিল। মেসিকে সম্মান জানাতে দেশের ফুটবল ম্যাচে বিশেষ ভাবে স্মরণ করা হবে তাঁর সেই বিখ্যাত ১০ নম্বরকে।

প্রথমে শুনলে মনে হতে পারে, মেসির ১০ নম্বর জার্সি হয়তো চিরতরে তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টিনা। কিন্তু না। জার্সি অবসর নেওয়া হচ্ছে না। বরং মেসির সঙ্গে অমর হয়ে যাওয়া ১০ নম্বরকেই এবার তাঁর বিদায়ের স্মারক করে তুলছে এএফএ।
আর্জেন্টিনা দল আগামী যে ম্যাচেই মাঠে নামবে, সেখানে প্রথমার্ধের ঘড়িতে ১০ মিনিট পূর্ণ হলেই রেফারি খেলা থামাবেন। এরপর এক মিনিট ধরে মেসির সম্মানে চলবে করতালি। অর্থাৎ মেসির জার্সি নম্বর ১০-কে সামনে রেখেই এক মিনিটের জন্য থমকে যাবে আর্জেন্টিনার ফুটবল। এএফএ-র সিদ্ধান্ত শুধু পুরুষদের ১১ জনের ফুটবলে সীমাবদ্ধ নয়। পুরুষ ও মহিলা বিভিন্ন প্রতিযোগিতা, ফুতসাল এবং বিচ সকারেও এই শ্রদ্ধা জানানো হবে। যে মাঠে জায়ান্ট স্ক্রিন রয়েছে, সেখানে ম্যাচের আগে দেখানো হবে মেসিকে নিয়ে বিশেষ ভিডিয়ো।
কারণ ১০ শুধু একটা সংখ্যা নয়। আর্জেন্টিনার জার্সিতে সেটাই হয়ে উঠেছিল মেসির পরিচয়। যে নম্বর গায়ে চাপিয়ে তিনি একের পর এক রেকর্ড ভেঙেছেন, যে নম্বর নিয়েই একদিন বিশ্বকাপ জয়ের স্বপ্ন পূরণ করেছেন, বিদায়ের পর সেই ১০ নম্বরেই তাঁকে স্মরণ করবে তাঁর দেশ।
আরও পড়ুন: Lionel Messi: ‘ক্যাপ্টেন, তোমাকে ছাড়া…’, মেসির বিদায়ে সতীর্থদের বার্তায় কী রইল?
৩১ অগস্ট জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত ঘোষণা করেন মেসি। ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিরুদ্ধে ১-০ হারের ম্যাচটিই ছিল আর্জেন্টিনার জার্সিতে তাঁর শেষ লড়াই। আন্তর্জাতিক ফুটবলে ২০৭ ম্যাচে তাঁর গোল ১২৫টি। জিতেছেন ২০২১ ও ২০২৪ কোপা আমেরিকা, ২০২২ বিশ্বকাপ এবং ২০২২ ফাইনালিসিমা।
শেষটা তাই হয়তো মেসির মনের মতো হয়নি। বিশ্বকাপ হাতে নিয়ে বিদায় নেওয়া হয়নি। কিন্তু কিংবদন্তিদের বিদায় কি শুধু ট্রফির হিসাবেই লেখা হয়? আর্জেন্টিনা অন্তত মেসির ক্ষেত্রে তা হতে দিচ্ছে না। পরের ম্যাচে ঘড়ির কাঁটা ১০ ছোঁয়ার সঙ্গে সঙ্গে থেমে যাবে খেলা। বল পড়ে থাকবে মাঠে। এক মিনিটের জন্য গ্যালারির সমস্ত শব্দ এক জায়গায় এসে মিশবে—করতালিতে।
১০ নম্বর জার্সি অবসরে যাচ্ছে না। বরং আরও একবার মনে করিয়ে দেওয়া হবে—আর্জেন্টিনার ফুটবলে মেসির অধ্যায় শেষ হতে পারে, কিন্তু তাঁর ১০ নম্বরের গল্প শেষ হওয়ার নয়।
