পরিবর্তনের হাওয়া, বীরভূমে দুই পঞ্চায়েত সমিতি দখল বিজেপির
সংবাদদাতা, বীরভূম: বীরভূমের দুই পঞ্চায়েত সমিতি দখল করল বিজেপি। বুধবার সিউড়ি ১ এবং সাঁইথিয়া পঞ্চায়েত সমিতির সভাপতি নির্বাচন হয়। দুই পঞ্চায়েত সমিতিতে কম সদস্য থাকা সত্ত্বেও বিজেপি থেকেই সভাপতি নির্বাচিত হলেন রীতা মুন্সি ও তপু মাঝি বাগদি।
পঞ্চায়েত সমিতি সিউড়ি ১ ব্লকে মোট ১৯টি আসন আছে। সভাপতিসহ ৩ জন আগেই পদত্যাগ করেছিলেন। ভোটাভুটিতে ১৩ জন সদস্যের মধ্যে ১১ জন তৃণমূলের এবং মাত্র ২ জন বিজেপি থেকে অংশ নিয়েছিলেন। তবু এই পঞ্চায়েত সমিতিতে বিপুল ভোটে জেতে বিজেপি। সভাপতি নির্বাচিত হন বিজেপির রীতা মুন্সি।
অন্যদিকে, সাঁইথিয়া পঞ্চায়েত সমিতিতে দুর্নীতির অভিযোগে তৃণমূলের প্রাক্তন সভাপতি পদত্যাগ করার পর নতুন সভাপতি নির্বাচন হয়। সমিতির বর্তমান ৩৩ জন সদস্যের মধ্যে মাত্র ৩ জন বিজেপির প্রতিনিধি ছিলেন। কিন্তু ভোটাভুটিতে ৩০ জন সদস্যের মধ্যে অন্য কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সর্বসম্মতিক্রমে সভাপতি নির্বাচিত হন বিজেপির তপু মাঝি বাগদি।
