জামিন পেলেন লাহেক আলি
নিজস্ব প্রতিনিধি: ১০ সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তিকালীন জামিন পেলেন বারুইপুরের সিপিএম নেতা লাহেক আলি। বুধবার তার জামিনের আবেদন মঞ্জুর করেছে কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। তবে শর্ত দেওয়া হয়েছে, লাহেক এলাকার বাইরে যেতে পারবেন না। বারুইপুর থানা ডাকলে জিজ্ঞাসাবাদে হাজির থাকতে হবে। জানা গেছে, লাহেক আলির মা গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। রাখা হয়েছে ভেন্টিলেশনে। সেই কারণেই শর্তসাপেক্ষে লাহেকের জামিনের আবেদন মঞ্জুর করেছে আদালত।
গত জুন মাসের ঘটনা। বারুইপুর থানা এলাকায় এক ছাত্রীকে গণধর্ষণ ও খুনের ঘটনা ঘটে। প্রতিবাদে বিক্ষোভে নামেন এলাকার লোকজন। সেই আন্দোলনের সামনের সারিতে ছিলেন সিপিএমের দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির সদস্য লাহেক আলি। এর মধ্যেই উত্তেজিত জনতা এক অটোচালককে অভিযুক্ত সন্দেহে পিটিয়ে হত্যা করে। ভাঙচুর চালানো হয় একটি পুলিশ ফাঁড়িতেও। পুলিশকর্মীদের মারধর করার পাশাপাশি পুলিশের গাড়িও ভাঙচুরেরও অভিযোগ ওঠে। সেই অশান্তিতে নাম জড়ায় লাহেকের। গত ১২ জুলাই লাহেক আলিকে গ্রেপ্তার করে পুলিশ। ৫০ দিন ধরে জেলে রয়েছেন তিনি।
