বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
রবীন্দ্র সরোবরে সাঁতার শিখতে গিয়ে মৃত্য়ু শিক্ষার্থীর ফারাক্কায় দ্রুত গতিতে চলছে লাইন মেরামতির কাজ মালদা মেডিকেলে শিশুমৃত্য়ুর জের, সাসপেন্ড সুপার এবার রাজ্য়ের মডেল স্কুল প্রকল্পে সিএম শ্রী ইন্সটিউট, ঘোষণা মুখ্য়মন্ত্রীর

যৌনতায় কাঁচি, রক্তপাতে ছাড়পত্র! ‘মির্জাপুর: দ্য মুভি’ ঘিরে ফের তীব্র সেন্সর বিতর্ক

31 August, 2026 5:48 PM Sumantra Mukherjee
শেয়ার করুন

মুম্বই : উত্তরপ্রদেশের সেই কুখ্যাত অন্ধকার গলি, পাওয়ার পলিটিক্স আর বন্দুকের গর্জন!

ওটিটি দুনিয়া কাঁপানোর পর এবার বড় পর্দায় ঝড় তুলতে তৈরি ‘মির্জাপুর: দ্য মুভি’। পঙ্কজ ত্রিপাঠী (কালীন ভাইয়া), আলি ফজল (গুড্ডু পণ্ডিত) কিংবা দিব্যেন্দুর (মুন্না ভাইয়া) সেই চেনা গ্যাংস্টার ড্রামা থিয়েটারে দেখার জন্য যখন ভক্তদের পারদ চড়ছে, ঠিক তখনই সিনেমাটিকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিল সেন্সর বোর্ডের চেনা বিতর্ক।

সিনেমাটি মুক্তি পাওয়ার কথা আগামী ৪ সেপ্টেম্বর। তার আগেই সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এর হাতে পড়ে বেশ কিছু ছাঁটাইয়ের মুখ দেখতে হলো এই বহুল প্রতীক্ষিত ছবিটিকে। সেন্সর বোর্ড ছবিটিকে ‘A’ বা প্রাপ্তবয়স্কদের জন্য শংসাপত্র দিলেও, কড়া হাতে কুপিয়ে বাদ দিয়েছে বেশ কিছু দৃশ্য ও সংলাপ। কিন্তু বিতর্কের আসল সলতেটা পেকেছে সেন্সরের দ্বিচারিতা নিয়ে! গুঞ্জন উঠেছে, ছবিতে অবাধ হিংসা ও রক্তপাত নিয়ে সেন্সর বোর্ড বিন্দুমাত্র আপত্তি না তুললেও, কাঁচি চালাতে একদম দ্বিধা করেনি অন্তরঙ্গ দৃশ্যগুলোর ওপর।

যৌনতায় ৫০% কোপ, অক্ষত হিংসা!

একটি ফিল্ম রিপোর্টের তথ্য অনুযায়ী, ‘মির্জাপুর: দ্য মুভি’-এর প্রথম ও দ্বিতীয় প্রথমার্ধ মিলিয়ে মোট দুটি অন্তরঙ্গ দৃশ্যের ওপর সেন্সরের কোপ পড়েছে। দৃশ্য ও শব্দ মিলিয়ে প্রায় ৫০ শতাংশ অন্তরঙ্গতা ছেঁটে ফেলার নির্দেশ দিয়েছে বোর্ড। ফলে সব মিলিয়ে ছবি থেকে বাদ গেছে পাক্কা ৩৫ সেকেন্ডের ঘনিষ্ঠ দৃশ্য।

মজার বিষয় হলো, পুরো ছবিতে কালীন ভাইয়া ও গুড্ডু পণ্ডিতদের হাড়হিম করা রক্তক্ষয়ী লড়াই, কাটাকাটি কিংবা হিংসাত্মক দৃশ্যগুলোতে সেন্সর বোর্ড একটি কাট-ও লাগায়নি! অর্থাৎ, রক্তপাত অবাধে দেখা গেলেও স্ক্রিনে ভালোবাসা বা ঘনিষ্ঠতার পরিমাপ করা নিয়েই ফের নিজেদের রক্ষণশীল মানসিকতার পরিচয় দিল সিবিএফসি— এমনটাই অভিযোগ তুলছেন বলিপাড়ার একটা বড় অংশ।

বদলালো গালিগালাজ, বদলে গেল সংলাপও

শুধু দৃশ্যই নয়, মির্জাপুরের চেনা মেজাজের ‘গালিগালাজ’-এর ওপরও কড়াকড়ি করেছে বোর্ড। চার জায়গায় গালি ম্যুট করা হয়েছে এবং ছয় জায়গায় ব্যবহার করা হয়েছে অপেক্ষাকৃত ভদ্র শব্দ।

  • ছবির প্রথম অর্ধে একটি বিতর্কিত শব্দ বদলে করা হয়েছে ‘কমর’।

  • দ্বিতীয় অর্ধে আঞ্চলিক গালি ‘লন্থ’ (যার অর্থ বোকা) বদলে নেওয়া হয়েছে মার্জিত রূপ।

  • এমনকী, ‘গলে সে লাগ ঘর’-এর মতো সংলাপের ভেতরেও পরিবর্তন আনতে বাধ্য হয়েছেন নির্মাতারা।

রিভাইসিং কমিটির হাত হয়ে অবশেষে ছাড়পত্র

প্রথমে এক্সামিনেশন কমিটির প্রস্তাবিত একাধিক পরিবর্তনের পর নির্মাতারা দ্বারস্থ হন সেন্সর বোর্ডের রিভাইসিং কমিটির (RC)। এই কমিটিই শেষ পর্যন্ত চূড়ান্ত কাট-ছাঁট নির্ধারণ করে মুক্তির সবুজ সংকেত দেয়। সব পরিবর্তন ও কাটিংয়ের পর ‘মির্জাপুর: দ্য মুভি’-এর চূড়ান্ত দৈর্ঘ্য দাঁড়িয়েছে ৩ ঘণ্টা ১৭ মিনিট ১৯ সেকেন্ড। অর্থাৎ, প্রায় সোয়া তিন ঘণ্টার এক জাঁকজমকপূর্ণ ক্রাইম থ্রিলারের সাক্ষী হতে চলেছেন দর্শকরা।

গুরমিত সিং পরিচালিত এই মেগা প্রজেক্টে পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল, দিব্যেন্দু ছাড়াও দেখা যাবে জিতেন্দ্র কুমার, রবি কিষাণ, অভিষেক বন্দ্যোপাধ্যায়, রসিকা দুগাল, শ্বেতা ত্রিপাঠী, শ্রেয়া পিলগাঁওকারকে। এখন দেখার, সেন্সর বোর্ডের এই কাঁচি চালানোর বিতর্ক কাটিয়ে ৪ সেপ্টেম্বর বড় পর্দায় কালীন ভাইয়ার সাম্রাজ্য কতটা প্রভাব ফেলতে পারে!

প্রতিবেদন

Sumantra Mukherjee