বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
রবীন্দ্র সরোবরে সাঁতার শিখতে গিয়ে মৃত্য়ু শিক্ষার্থীর ফারাক্কায় দ্রুত গতিতে চলছে লাইন মেরামতির কাজ মালদা মেডিকেলে শিশুমৃত্য়ুর জের, সাসপেন্ড সুপার এবার রাজ্য়ের মডেল স্কুল প্রকল্পে সিএম শ্রী ইন্সটিউট, ঘোষণা মুখ্য়মন্ত্রীর

এশিয়ান গেমসে মিলবে না সোনার ছোঁয়া! সোশ্যাল মিডিয়ায় মনভাঙা খবর শোনালেন অলিম্পিক পদকজয়ী

29 August, 2026 4:27 PM Sumantra Mukherjee
শেয়ার করুন

নয়াদিল্লি : ভারতীয় ক্রীড়াজগতে বিশাল বড় ধাক্কা।

গোড়ালির লিগামেন্ট মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় আসন্ন ২০২৬ এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন দু’বারের অলিম্পিক পদকজয়ী জ্যাভলিন তারকা নীরজ চোপড়া। শুধু এশিয়ান গেমসই নয়, চিকিৎসকদের পরামর্শে চলতি ২০২৬ মরসুমের বাকি সমস্ত প্রতিযোগিতা থেকেই নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের এই ‘সোনার ছেলে’। শনিবার সোশ্যাল মিডিয়ায় নিজের এই চোট ও মরসুম শেষ হয়ে যাওয়ার হৃদয়বিদারক খবরটি নিজেই ভক্তদের সঙ্গে ভাগ করে নেন নীরজ।

কয়েক বছর ধরে চোট-আঘাতের সঙ্গে লড়াই চালিয়ে যাওয়ার পর সম্প্রতি নিজের পুরানো ছন্দ ও ফর্ম ফিরে পেতে শুরু করেছিলেন ২৮ বছর বয়সী এই তারকা অ্যাথলিট। লোজান ডায়মন্ড লিগে চলতি মরসুমের সেরা ৮৮.০৫ মিটার থ্রো করে তিনি আবার পদকের আশা জাগিয়েছিলেন। কিন্তু তার পরেই অনুশীলনের সময় ঘটে বিপত্তি। গোড়ালিতে মারাত্মক লিগামেন্ট চোট পান তিনি। চোটের গুরুত্ব খতিয়ে দেখে চিকিৎসক ও সাপোর্ট স্টাফদের সঙ্গে আলোচনার পর মরসুমের বাকি অংশ থেকে বিরতি নেওয়ার কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হন তিনি।

সোশ্যাল মিডিয়ায় হতাশা প্রকাশ করে নীরজ লেখেন, “দীর্ঘ পরিশ্রমের পর লোজানে মরসুমের সেরা থ্রো করে অবশেষে অনুভব করেছিলাম যে আমি সঠিক ছন্দে ফিরছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, তার পরেই অনুশীলনে গোড়ালির লিগামেন্টে চোট পাই। ডাক্তার এবং আমার টিমের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিয়েছি যে চলতি মরসুমের বাকি প্রতিযোগিতায় আমি আর নামব না। ঠিক যখন নিজের সেরা ছন্দ খুঁজে পাচ্ছিলাম, তখনই এই অঘটনটা ভীষণ হতাশাজনক। তবে খেলাধুলোর জগতে এই ধরনের চোট-আঘাত যাত্রাপথেরই একটা অংশ। এখন আমার একমাত্র লক্ষ্য দ্রুত সুস্থ হয়ে আরও শক্তিশালীভাবে ট্র্যাকে ফেরা।”

নীরজের এই চোটের কারণে এশিয়ান গেমসের পাশাপাশি ব্রাসেলসে ৫ সেপ্টেম্বরের ডায়মন্ড লিগ ফাইনাল এবং বুদাপেস্টে ১১-১৩ সেপ্টেম্বর আয়োজিত হতে চলা প্রথম ‘ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স আল্টিমেট চ্যাম্পিয়নশিপ’-এও ভারতীয় তারকাকে আর দেখা যাবে না।

পিঠের নিচের অংশের চোটে এমনিতেই চলতি মরসুমে নিয়মিত ছন্দে দেখা যায়নি নীরজকে। তবুও সম্পূর্ণ ফিট না থাকা সত্ত্বেও গ্লাসগো কমনওয়েলথ গেমসে ৮৫.৮৩ মিটার থ্রো করে দেশকে রূপো এনে দিয়েছিলেন তিনি। এরপর লোজানে তাঁর ৮৮.০৫ মিটারের পারফরম্যান্স দেখে এশিয়ান গেমসে আরও একটি সোনা জয়ের স্বপ্নে বুক বাঁধছিলেন কোটি কোটি ভারতবাসী। কিন্তু তার আগেই এই নতুন চোট এশিয়ান গেমসে ভারতের পদক তালিকায় বড়সড় ধাক্কা দিল। আপাতত নীরজের দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনায় মগ্ন গোটা দেশের ক্রীড়াপ্রেমীরা।

প্রতিবেদন

Sumantra Mukherjee