UEFA Champions League: হেভিওয়েটদের অগ্নিপরীক্ষা, ড্র-তেই উল্টে গেল চ্যাম্পিয়ন্স লিগের পাশা!
মোনাকো: চ্যাম্পিয়ন্স লিগের আসল লড়াই শুরু হতে এখনও কিছুদিন বাকি, কিন্তু ড্র অনুষ্ঠিত হতেই ইউরোপীয় ফুটবলের তাপমাত্রা চড়ে গেল কয়েক গুণ। ৩৬ দলের নতুন লিগ ফরম্যাটে প্রথম দিন থেকেই একের পর এক মেগা-ফাইট। বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সঁ জরমঁ-র (পিএসজি) সামনে বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটি, গতবারের ফাইনালিস্ট আর্সেনাল মুখোমুখি রিয়াল মাদ্রিদ ও বায়ার্ন মিউজিকের। আর দীর্ঘ বিরতির পর ইউরোপের সেরা মঞ্চে ফিরেই বায়ার্নকে সামনে পাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। এক বাক্যে ড্রয়ের নির্যাস—এবার ‘সহজ’ বলতে কিছু নেই।
কার সূচি কতটা ভয়ংকর?
• রিয়াল মাদ্রিদ (Real Madrid): ঘরের মাঠে তাদের বড় পরীক্ষা আর্সেনাল ও লাইপজিগের বিরুদ্ধে। এছাড়া অ্যাওয়ে ম্যাচে তারা মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখের।
• আর্সেনাল (Arsenal): সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে মিকেল আর্তেতার দল। গতবারের ফাইনালের হতাশা ভুলে ঘুরে দাঁড়ানোর আগেই সামনে দু-দুটি ইউরোপিয়ান পরাশক্তি—ঘরের মাঠে রিয়াল মাদ্রিদ এবং অ্যাওয়ে ম্যাচে বায়ার্ন মিউনিখ।
• ম্যানচেস্টার সিটি (Manchester City): পেপ গুয়ার্দিওলাহীন সিটিজেনদের সূচি যেন আস্ত এক গোলকধাঁধা। বর্তমান ইউরোপসেরা পিএসজি-র চ্যালেঞ্জের পাশাপাশি তাদের লড়তে হবে বার্সেলোনা, রোমা ও স্পোর্টিং সিপি-র মতো কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে।
• বার্সেলোনা ও পিএসজি (Barcelona and PSG): বার্সাকে দিতে হবে ধারাবাহিকতার কঠিন পরীক্ষা। পিএসজি ও সিটির পাশাপাশি তাঁদের লড়তে হবে ইংল্যান্ডের ক্লাব অ্যাস্টন ভিলা, পর্তুগালের স্পোর্টিং ও তুরস্কের গালাতাসারাইয়ের বিরুদ্ধে। আর ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পিএসজির শিরোপা ধরে রাখার অভিযান শুরুই হচ্ছে বার্সা ও সিটির মতো দুটি হেভিওয়েটের মুখোমুখি হয়ে।
• ম্যানচেস্টার ইউনাইটেড (Manchester United): দুই বছর পর চ্যাম্পিয়ন্স লিগে ফিরেই অগ্নিপরীক্ষা মাইকেল ক্যারিকের দলের। শুরুতেই প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখ, যা ফিরিয়ে আনছে ১৯৯৯-এর সেই ঐতিহাসিক ফাইনালের স্মৃতি। রয়েছে আতলেতিকো মাদ্রিদের বাঁধাও।
• লিভারপুল (Liverpool): সিটি বা আর্সেনালের তুলনায় কিছুটা স্বস্তিতে থাকলেও অলরেডদের লড়তে হবে আতলেতিকো ও ইন্টার মিলানের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে।
নতুন ফরম্যাট: ৩৬টি দল নিয়ে এবার একটাই লিগ। প্রতিটি দল খেলবে ৮টি করে ম্যাচ (৪টি হোম, ৪টি অ্যাওয়ে)।
• সরাসরি শেষ ষোলো: পয়েন্ট টেবিলের শীর্ষ ৮টি দল।
• নকআউট প্লে-অফ: ৯ থেকে ২৪ নম্বরে থাকা দলগুলো খেলবে প্লে-অফ।
• সময়সূচি: ৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে লিগ পর্ব চলবে ২৭ জানুয়ারি পর্যন্ত।
