বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
রবীন্দ্র সরোবরে সাঁতার শিখতে গিয়ে মৃত্য়ু শিক্ষার্থীর ফারাক্কায় দ্রুত গতিতে চলছে লাইন মেরামতির কাজ মালদা মেডিকেলে শিশুমৃত্য়ুর জের, সাসপেন্ড সুপার এবার রাজ্য়ের মডেল স্কুল প্রকল্পে সিএম শ্রী ইন্সটিউট, ঘোষণা মুখ্য়মন্ত্রীর

রাজ্যে পরপর অগ্নিকাণ্ডের ধারাবাহিকতায় এবার আন্দুল, ধোঁয়ায় দমবন্ধ পরিস্থিতি মৌড়িগ্রামের আবাসনে

26 August, 2026 2:38 PM Sumantra Mukherjee
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদন : রাজ্যে গত কয়েক দিন ধরে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। সেই উদ্বেগের তালিকায় এবার যুক্ত হলো হাওড়ার আন্দুলের ঘটনা। বুধবার দুপুরে আন্দুলের মৌড়িগ্রামের আমতলা এলাকার একটি বহুতল আবাসনে ভয়াবহ আগুন লাগে। নিমেষের মধ্যে আগুন ও ধোঁয়ায় ছড়ায় ব্যাপক চাঞ্চল্য। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় গোটা আবাসন চত্বরে।

দোতলা ও তিনতলায় দ্রুত ছড়ায় আগুন

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে খবর, বুধবার দুপুরের দিকে ওই আবাসনের দোতলায় প্রথম আগুনের শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন লেলিহান শিখা মেলে তিনতলার দিকে ছড়িয়ে পড়তে শুরু করে। ফ্ল্যাটগুলি থেকে কালচে ধোঁয়া গলগল করে বের হতে দেখে রাস্তায় নেমে আসেন স্থানীয় বাসিন্দারা। ততক্ষণে আবাসনের ভেতরে আটকে পড়েন বহু বাসিন্দা। ধোঁয়ায় পুরো বিল্ডিং ঢেকে যাওয়ায় ভেতর তৈরি হয় মারাত্মক দমবন্ধকর পরিস্থিতি।

আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে দমকল

ঘটনার খবর দেওয়া হলে দ্রুত পৌঁছায় দমকল বাহিনী। একে একে দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। একই সঙ্গে শুরু হয় উদ্ধার কাজ। ধোঁয়ায় দিশেহারা হয়ে পড়া আটকে থাকা বাসিন্দাদের বের করে আনার প্রক্রিয়া শুরু করেন দমকলকর্মীরা। প্রাথমিক ভাবে জানা গেছে, আটকে পড়া বহু বাসিন্দাকে সফল ভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে ভেতরে এখনও কেউ ধোঁয়ার কবলে আটকে আছেন কি না, তা পুরো ভবনটি ঘুরে খতিয়ে দেখছেন দমকলের কর্মীরা।

শর্ট সার্কিটের প্রাথমিক অনুমান

ঠিক কী কারণে এই অগ্নিকাণ্ড ঘটল, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিক তদন্ত ও স্থানীয়দের বয়ান অনুযায়ী, শর্ট সার্কিটের থেকেই এই দুর্ঘটনার সূত্রপাত বলে মনে করছেন দমকল আধিকারিকেরা। বিষাক্ত কালো ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা, যার ফলে উদ্ধারকাজেও প্রথম দিকে কিছু সমস্যা তৈরি হয়েছিল।

রাজ্যে সাম্প্রতিক সময়ে ঘন ঘন আগুন লাগার ঘটনা সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিচ্ছে। একের পর এক বাজার ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের পর এবার ঘনবসতিপূর্ণ আবাসনও আগুনের গ্রাসে আসায় স্বাভাবিক ভাবেই বড়সড় আতঙ্ক তৈরি হয়েছে হাওড়ার ওই এলাকায়।

প্রতিবেদন

Sumantra Mukherjee