মধ্যপ্রদেশে নালায় গাড়ি পড়ে মৃত ৮ পুণ্যার্থী
সংবাদদাতা, ভোপাল: শনিবার সকালে বড়সড় দুর্ঘটনার সাক্ষী মধ্যপ্রদেশের মালওয়া জেলার নালখেড়া এলাকা। মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল ৮ জনের। বগলামুখী ধামের কাছে বৃষ্টির জল বেরনোর নালায় ডুবে যায় একটি আস্ত গাড়ি। গাড়ির মধ্যেই দমবন্ধ হয়ে মারা যান তিনজন শিশু, দু’জন মহিলা এবং তিনজন পুরুষ।
পুলিশ জানিয়েছে, মৃতরা সকলেই ওড়িশার বাসিন্দা। তারা একটি ট্র্যাভেল এজেন্সির সঙ্গে উজ্জয়িনীতে বেড়াতে এসেছিলেন। শনিবার গাড়িতে করে নলখেড়ার বাগলামুখী মন্দিরে গিয়েছিলেন। পুজো দিয়ে ফেরার পথেই ঘটে দুর্ঘটনা। পুলিশ সুপার দিলীপ কুমার সোনি জানিয়েছেন, মৃতদের মধ্যে সাতজন ওড়িশার বাসিন্দা। তাঁদের ঠিকানা খুঁজে বের করে যত দ্রুত সম্ভব পরিবারকে খবর দেওয়ার চেষ্টা করা হচ্ছে। মৃতদের মধ্যে একজন ট্র্যাভেল এজেন্সির গাড়িটির চালক। ঘটনার পর গ্রামবাসীরাই উদ্ধার অভিযানে নামেন। খবর পেয়ে আসে পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তারা। গাড়িটিতে দড়ি বেঁধে জল থেকে তোলা হয়।
গত ২৪ ঘণ্টায় রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে মধ্যপ্রদেশে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,শুক্রবার গভীর রাত থেকে একটানা অঝোর বৃষ্টির কারণে বগলামুখী মন্দিরের পাশ দিয়ে যাওয়া একটি ড্রেন উপচে গিয়েছে৷ বিপুল স্রোত দেখা গিয়েছে সেখানে। যার ফলে বগলামুখী মন্দিরে প্রবেশের জন্য কালভার্ট পার করতে হচ্ছে। ওই কালভার্টের তলা দিয়েই খরস্রোতা নালা বইছে। সেখানেই ঘটেছে দুর্ঘটনা। প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, চালক তাড়াহুড়ো করে কালভার্ট পেরোতে গিয়েই নালায় গাড়ি ফেলে দুর্ঘটনা ঘটিয়ে ফেলেন।
আরও পড়ুন: দেহ নিয়ে টানাটানি কুকুরের! দিল্লির কিশোরীকে ধর্ষণ করে খুনের ঘটনায় ৪ অভিযুক্ত গ্রেপ্তার
লখুন্দর নদীর তীরে থাকা বগলামুখী মন্দিরে সারা বছরই বিপুল ভক্ত সমাগম হয়। মধ্যপ্রদেশ ছাড়াও ভিন রাজ্য থেকেও বহু মানুষ এখানে পুজো দিতে আসেন।
