বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
নিউ ফারাক্কায় ধস, বাতিল উত্তরবঙ্গগামী সব ট্রেন নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্য়াস মুখ্য়মন্ত্রীর নেপালে ৯ দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২ শ্রমিক অভিষেকের ক্য়ামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশ

অসমের সংশোধনাগারে ২২৬ জন বন্দির শরীরে এইচআইভি!‌

02 September, 2026 6:51 PM Lopa Bhowmik
শেয়ার করুন

গুয়াহাটি:‌ অসমের সংশোধনাগারের ভয়ঙ্কর ছবি!‌ সরকারি সূত্রে সম্প্রতি জানানো হয়েছে, রাজ্যের ৩১টি সংশোধনাগারে গত চার মাসে ২২৬ জন বন্দির দেহে এইচআইভি ধরা পড়েছে। বিষয়টি নিয়ে রাজ্যজুড়ে হইচই পড়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, ‘‌ঠিক কী পরিস্থিতিতে এবং কীভাবে বন্দিরা জেলের ভেতরে এইচআইভি সংক্রামিত হয়েছেন, রাজ্য সরকার সে বিষয়ে তদন্ত করবে। বিষয়টিকে আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি এবং গুয়াহাটি হাইকোর্টও এই বিষয়ে নজর রাখছে। আক্রান্ত বন্দিরা যাতে প্রয়োজনীয় সমস্ত চিকিৎসা পরিষেবা পান তাও নিশ্চিত করা হবে।’‌ গত সপ্তাহেই শ্রীভূমি জেলা সংশোধনাগারে নতুন করে অন্তত ১১ জনের দেহে মিলেছে এইচআইভি জীবাণু। তাদের মধ্যে এক মহিলাও রয়েছেন বলে খবর। শ্রীভূমি জেলের ম্যাজিস্ট্রেট অন্বেষা খেরশা এক সাংবাদিক বৈঠকে জানান, , প্রয়োজনে এইচআইভি আক্রান্তদের উন্নত চিকিৎসা পরিষেবার জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। উল্লেখ্য, সংশোধনাগারটিতে মাত্র ১৮৭ জন বন্দি রাখার অনুমতি রয়েছে । কিন্তু বর্তমানে সেখানে ৪৪৫ জন বন্দিকে রাখা হয়েছে। এর ফলে বেড়ে গিয়েছে ভিড়। জেল কর্তৃপক্ষের দাবি, আক্রান্ত কয়েদিদের অধিকাংশের বিরুদ্ধেই নার্কোডিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস ধারায় মামলা রয়েছে।
সরকারি পরিসংখ্যান বলছে, গত এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে রাজ্যের ৩১টি সংশোধনাগারের বন্দিদের স্ক্রিনিং করা হয়। সেখানে দেখা গেছে, আক্রান্তদের প্রায় ৯৫ শতাংশের ক্ষেত্রেই ইনজেকশনের মাধ্যমে মাদক নেওয়াই এইচআইভি সংক্রমণের মূল কারণ। আক্রান্তদের মধ্যে ২০২ জনকে ‘অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি’–র আওতায় আনা হয়েছে। সুরক্ষাজনিত কারণে বহু বন্দিকে বাইরের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া কঠিন হওয়ায় এআরটি টিম সংশোধনাগারে গিয়ে চিকিৎসা পরিষেবা শুরু করেছে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহল জানিয়েছেন, অসমে বর্তমানে আনুমানিক ৩৩ হাজার সক্রিয় এইচআইভি বা এইডস আক্রান্ত রুগি রয়েছেন।

প্রতিবেদন

Lopa Bhowmik