বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

উত্তরপ্রদেশে ১৩ তলা থেকে পড়ে ‘স্কিপিং চ্যাম্পিয়ন’ কিশোরীর মৃত্য

26 September, 2026 6:24 PM Sandipan Saha
শেয়ার করুন

সংবাদদাতা, উত্তরপ্রদেশ: উত্তরপ্রদেশের গাজিয়াবাদে ১৩ তলার ব্যালকনি থেকে পড়ে মৃত্যু হল ১৪ বছর বয়সি এক ছাত্রীর। মৃত ছাত্রীর নাম প্রাচী। গত শুক্রবার রাত ৯টা নাগাদ রাজনগর এক্সটেনশনের একটি বহুতল আবাসনে এই দুর্ঘটনাটি ঘটে। প্রাচী সঞ্জয়নগরের একটি প্রতিষ্ঠিত ইংরেজি মাধ্যম স্কুলের নবম শ্রেণির ছাত্রী ছিল। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে হঠাৎই বিকট শব্দ পেয়ে আবাসন চত্বরে ছুটে আসেন বাসিন্দারা। নীচে নেমে তাঁরা দেখেন, রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে প্রাচী। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। পরিবারের দাবি, ব্যালকনিতে মেলা জামাকাপড় তুলতে গিয়েছিল সে। সেই সময় অসাবধানতাবশত পা পিছলে বা কোনওভাবে ভারসাম্য হারিয়ে সে ১৩ তলা থেকে নীচে পড়ে যায়। এটি একটি নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ জানতে আবাসনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সময় প্রাচীর বাবা সুরেশ চন্দ, যিনি পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার, মা, বোন এবং ঠাকুরমা ও পরিবারের সকলেই বাড়িতে উপস্থিত ছিলেন। চোখের সামনে মেয়ের এই আচমকা মর্মান্তিক পরিণতিতে পরিবার সহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সম্প্রতি দেশের মুখ উজ্জ্বল করে ফিরেছিল এই কিশোরী। মৃত্যুর মাত্র দু’দিন আগেই মহারাষ্ট্রের শিরডিতে আয়োজিত রোপ স্কিপিং ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে দুটি স্বর্ণপদক জিতেছিল প্রাচী। সে ডাবল ডাচ পেয়ার ফ্রিস্টাইল এবং ডাবল ডাচ সিঙ্গল ফ্রিস্টাইল বিভাগে প্রথম স্থান অধিকার করে সোনা জেতে। প্রাচীকে ঘিরে পরিবারের অজস্র স্বপ্ন তৈরি হচ্ছিল। জাতীয় স্তরে সাফল্য পেয়ে তার ভবিষ্যতের পথ উজ্জ্বল হতে শুরু করেছিল। তাই মুহূর্তের এক অসাবধানতায় এমন মর্মান্তিক পরিণতি কেউ মেনে নিতে পারছেন না। ঘটনার বিস্তারিত তদন্তের জন্য মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ দুর্ঘটনাস্থলটি ঘিরে রেখে তথ্যপ্রমাণ সংগ্রহের চেষ্টা করছে।

প্রতিবেদন

Sandipan Saha