অনুমতি ছাড়াই শুক্রবার কনট প্লেসে তেরঙা ওড়াও কর্মসূচির ডাক ককরোচ জনতা পার্টির
সংবাদদাতা, দিল্লি: শুক্রবার দিল্লিতে নতুন বিক্ষোভ কর্মসূচির ডাক দিলেন ককরোচ জনতা পার্টির জাতীয় আহ্বায়ক অভিজিৎ দীপকে। লেহরা দো তিরঙ্গা বা তেরঙা ওড়াও অভিযানে দেশের জাতীয় পতাকা হাতে নিয়ে তরুণ প্রজন্মকে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সেই সঙ্গে সাধারণ মানুষ এবং বিরোধী রাজনৈতিক দলগুলির কর্মী-সমর্থকদেরও উদ্দেশেও বার্তা দিয়েছেন। দলের অন্য দুই নেতা সৌরভ দাস, আশুতোষ রাঙ্কার গ্রেফতারির প্রতিবাদে সিজেপির এই বিক্ষোভ কর্মসূচি।শুক্রবার দিল্লির কনট প্লেসে তেরঙা ওড়াও অভিযানের নেতৃত্ব দেবেন দীপকে। বিকেল ৫টা নাগাদ জমায়েত হবে। ওই দিন ওই সময়ে দলে দলে কনট প্লেসে জড়ো হয়ে জাতীয় পতাকা ওড়ানোর জন্য সাধারণ মানুষের কাছে আর্জি জানিয়েছেন সিজেপি প্রতিষ্ঠাতা।
দিল্লির যন্তর মন্তরকে সম্প্রতি নির্বাচিত প্রতিবাদস্থলের তালিকা থেকে সরিয়ে দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। যন্তর মন্তরে এখন জমায়েত বা যে কোনও ধরনের বিক্ষোভ কর্মসূচি নিষিদ্ধ। ওই নির্দেশের পরেও মঙ্গলবার সৌরভ ও রাঙ্কার নেতৃত্বে সিজেপির কয়েক জন লোহার দরজা টপকে যন্তর মন্তরে প্রবেশ করেন এবং জাতীয় পতাকা ওড়াতে ওড়াতে ভারত মাতা কি জয় স্লোগান দেন। পুলিশ প্রথমে তাঁদের আটক করে। পরে দু’জনকেই গ্রেফতার করা হয়েছে। আদালত তাঁদের পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে। আপাতত রাঙ্কা, সৌরভকে পাঠানো হয় তিহাড়ে। দিপকের বক্তব্য, জাতীয় পতাকা ওড়ানো কোনও অপরাধ নয়। তার জন্য কাউকে জেলে পাঠানো যায় না। সহকর্মীদের গ্রেফতারির প্রতিবাদেই তেরঙা ওড়াও অভিযানের ডাক দিলেন তিনি। জাতীয় পতাকা হাতে নিয়ে কনট প্লেস পর্যন্ত তাঁরা মিছিল করবেন শুক্রবার বিকেলে।
একটি ভিডিয়োবার্তায় দিপকে বলেছেন, আপনারা সকলে জানেন, সৌরভ আর আশুতোষকে শুধু দেশের জাতীয় পতাকা ওড়ানোর জন্য জেলে পাঠানো হয়েছে। সকল দেশভক্তদের কাছে আমার অনুরোধ, যাঁরা দেশকে এবং তেরঙা জাতীয় পতাকাকে ভালবাসেন, ১৬ অক্টোবর বিকেল ৫টায় সকলে কনট প্লেসের সেন্ট্রাল পার্কে আসুন। সেখানে আমরা জাতীয় পতাকা ওড়াব। বলব, এটা কোনও অপরাধ নয়। এই স্বৈরাচারীদের দেখিয়ে দিন, তেরঙা আমাদের গর্ব। সেটা ওড়ানো অপরাধ হতে পারে না।
উল্লেখ্য, কনট প্লেসে শুক্রবারের তেরঙা ওড়াও কর্মসূচির আগে ককরোচ জনতা পার্টির উপর চাপ বাড়াল দিল্লি পুলিশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক পরিচালিত দিল্লি পুলিশের তরফে ককরোচ-কর্মসূচির জন্য অনুমতি দেওয়া হয়নি জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। দিল্লি পুলিশের বার্তা, কনট প্লেসের মতো একটি অত্যন্ত ব্যস্ত বাণিজ্যিক এলাকায় এই ধরনের অননুমোদিত জমায়েতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা বজায় রাখতে দিল্লির একাধিক এলাকায় ইতিমধ্যেই ১৬৩ ধারা জারি হয়েছে। তা অমান্য করে জমায়েত হলে কড়া পদক্ষেপ করা হবে বলে হুঁশিয়ারি পুলিশের।
