বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
সিটি সেন্টার ২-এর পিছনের ঝুপড়িতে আগুন অমিতাভ বচ্চনের বাসভবনের বোমাতঙ্কের হুমকি পাক জঙ্গিদের টার্গেটে বাংলার মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী মন্দারমণির সমুদ্রে তলিয়ে গেল মামা-ভাগ্নে

‘আগে নিজের বুথে জিতে দেখাক’, পুরভোটে মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে চ্য়ালেঞ্জ সুকান্ত মজুমদারের

24 October, 2026 3:41 PM UTSAB RC
শেয়ার করুন

সংবাদদাতা, কলকাতা: পুরভোটের দিকে নজর রেখে প্রার্থী হতে আবেদনের প্রক্রিয়া চলছে বিজেপিতে। এরই মধ্যে এনসিপিআইয়ের সঙ্গে জোটের জল্পনা উড়িয়ে দিলেন কলকাতায় দলের ইনচার্জ সুকান্ত মজুমদার। তাঁর স্পষ্ট বক্তব্য, ২০৯টি আসনেই পদ্ম প্রতীকে লড়বে বিজেপি। সব আসনে প্রার্থী দেওয়ার কথা বলতে গিয়ে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, আগে নিজের বুথে জিতে দেখান, আগে ঘর সামলান, তার পর বিজেপিকে দেখতে আসবেন।  সুকান্ত মজুমদার বলেন, “আগে নিজের বুথে জিতে দেখাক মমতা বন্দ্য়োপাধ্য়ায়।”

শুক্রবার সাংবাদিক বৈঠকে সুকান্ত জানান, ড্রপবক্সে আবেদন জমা দেওয়ার শেষ সময় সোমবার, অর্থাৎ ২৬ অক্টোবর বিকেল ৫টা। ওই সময়সীমার মধ্যে যাঁরা আবেদন করবেন, তাঁদের মধ্যে থেকেই প্রার্থী বাছবে দল। প্রার্থী বাছাইয়ের মাপকাঠিও জানিয়েছেন তিনি। অগ্রাধিকার পাবেন বিজেপির কার্যকর্তা ও কর্মীরা। গুরুত্ব পাবেন সমাজের বিশিষ্ট মানুষজনও। বিধানসভা ভোটের আগে দলের দুঃসময়ে যাঁরা পাশে ছিলেন, প্রার্থী করার ক্ষেত্রে তাঁদের প্রাধান্য দেবে দল। পাশাপাশি এলাকায় সংশ্লিষ্ট ব্যক্তির ভাবমূর্তি কেমন, তাও দেখা হবে।

তৃণমূলের কোনও মুখ কি বিজেপির প্রার্থী তালিকায় থাকতে পারেন? এই প্রশ্নে সুকান্তর জবাব, রাজনীতি মানে সম্ভাবনা, এখানে নির্দিষ্ট কোনও পথ নেই। অন্য দল থেকে আসা ‘বেনোজল’ নিয়ে বিজেপির অন্দরেই চাপানউতোরের কথা উঠছে। সেটি খারিজ করে তিনি বলেন, প্রার্থী বাছাইয়ে সবার মত নেওয়া হবে। জেলা থেকে রাজ্য স্তরের নেতা, বিধায়ক ও সাংসদদের মত নিয়েই প্রার্থিতালিকা চূড়ান্ত হবে। তবে এই ‘সম্ভাবনার রাজনীতি’র কথা বলে প্রার্থী তালিকায় ‘তৃণমূলীকরণ’-এর প্রসঙ্গটি একপ্রকার এড়িয়েই যান তিনি।

সংগঠনের শক্তি বোঝাতে সুকান্ত দাবি করেন, প্রতিটি ওয়ার্ডে প্রার্থী হতে ইতিমধ্যেই অন্তত ১০ জনের আবেদন জমা পড়েছে। তাঁর কথায়, চাইলে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি থেকেই দু’জনকে প্রার্থী করা যেত, কিন্তু বিজেপি তা করবে না। এর পরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, আগে নিজের বুথে জিতে দেখান।

প্রতিবেদন

UTSAB RC