ষষ্ঠী থেকে কোজাগরী লক্ষ্মীপুজো: রাজ্য সরকারের স্বাস্থ্যকর্মীদের টানা ছুটি উঠল

সংবাদদাতা, কলকাতা: আগামী বছর থেকে দুর্গাপুজোর ষষ্ঠী থেকে কোজাগরী লক্ষ্মীপুজো পর্যন্ত রাজ্যের সরকারি হাসপাতালের কর্মীরা আর টানা ১০ দিন ছুটি পাবেন না। শুক্রবার দ্বাদশীর দিন এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। স্বাধীনতার পর থেকে রাজ্যে স্বাস্থ্য দপ্তরে একটি অঘোষিত রেওয়াজ চলে আসছিল, যেখানে ষষ্ঠী থেকে লক্ষ্মীপুজো পর্যন্ত হাসপাতালগুলিতে এক প্রকার ছুটি-ছুটি ভাব থাকত। কিন্তু স্বাস্থ্যমন্ত্রীর মতে, স্বাস্থ্য দপ্তর আর পাঁচটা সাধারণ সরকারি দপ্তরের মতো নয়, কারণ এখানে জরুরি পরিষেবা দিতে হয়। সেই কারণেই এই দীর্ঘ প্রথা এ বার বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, এ বছরই পুজোর মাঝপথে যাঁরা ছুটিতে ছিলেন, তাঁদের ছুটি বাতিল করে কাজে যোগ দিতে বলা হয়েছে। মেডিক্যাল কলেজের শিক্ষক, অধ্যক্ষ, এমএসভিপি, নন মেডিক্যাল সুপারিনটেন্ডেন্ট থেকে শুরু করে সাফাইকর্মী সকলেই এ বার কাজে ফিরেছেন। আগামী বছর থেকে সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী এই চার দিনের জন্য স্পেশ্যাল রোস্টার চালুর কথা বলা হয়েছে। পুজোর দিনগুলিতে নন-মেডিক্যাল কর্মীদের উপস্থিতি অর্ধেক রাখা হবে। চিকিৎসক ও নার্সদের ক্ষেত্রে নির্দিষ্ট কোনও রোস্টার থাকবে না। তাঁদের প্রয়োজন অনুযায়ী হাসপাতালে উপস্থিত থাকতে হবে এবং আগে থেকে কোনও ছুটি নির্দিষ্ট করা থাকবে না।
