বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
রবীন্দ্র সরোবরে সাঁতার শিখতে গিয়ে মৃত্য়ু শিক্ষার্থীর ফারাক্কায় দ্রুত গতিতে চলছে লাইন মেরামতির কাজ মালদা মেডিকেলে শিশুমৃত্য়ুর জের, সাসপেন্ড সুপার এবার রাজ্য়ের মডেল স্কুল প্রকল্পে সিএম শ্রী ইন্সটিউট, ঘোষণা মুখ্য়মন্ত্রীর

শহরের স্কুলে ফের সাপের হানা ! এবার কামড় প্রথম শ্রেণির পড়ুয়াকে

24 August, 2026 4:23 PM Sumantra Mukherjee
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদন :কলকাতায় ফের স্কুলের ভিতরে সাপের কামড়ের ঘটনায় চাঞ্চল্য ছড়াল।

হেরিটেজ স্কুলে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে সাপে কামড়ানোর কয়েক দিনের মধ্যেই এবার ভবানীপুরের ঐতিহ্যবাহী মিত্র ইনস্টিটিউশনে প্রথম শ্রেণির এক পড়ুয়াকে সাপে কামড়ানোর ঘটনা ঘটলো। সোমবার সকালে স্কুল চলাকালীন এই ঘটনাটি ঘটে। আহত পড়ুয়াকে দ্রুত এসএসকেএম হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল।

সাপের কামড়ে আহত পড়ুয়ার নাম দৃপ্ত পাল। তার বাড়ি টালিগঞ্জে। প্রতিদিনের মতো সোমবারও সে মিত্র ইনস্টিটিউশনের প্রাথমিক বিভাগে ক্লাস করতে এসেছিল। সকাল সাড়ে ৮টা নাগাদ টিফিনের সময় ঘটনাটি ঘটে। সেই সময় প্রাথমিক বিভাগের ছোট পড়ুয়ারা একতলায় নেমে খেলাধুলা করছিল। অভিযোগ, আচমকাই পড়ুয়ার ডান হাতে সাপ কামড় দেয়।

ঘটনার খবর পাওয়ার পরই স্কুলের শিক্ষকরা তৎপর হয়ে ওঠেন। প্রায় ১৫-২০ মিনিটের মধ্যেই পড়ুয়াকে নিয়ে এসএসকেএম হাসপাতালে পৌঁছন তাঁরা। চিকিৎসকেরা পরীক্ষা করে বিষয়টিকে সাপের কামড় হিসেবেই চিহ্নিত করেন এবং শিশুটিকে শিশু বিভাগে ভর্তি করে চিকিৎসা শুরু করেন। প্রয়োজনীয় ওষুধও দেওয়া হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আপাতত পড়ুয়ার অবস্থা স্থিতিশীল।তবে ঠিক কী ধরনের সাপ পড়ুয়াটিকে কামড়েছে, তা এখনও নিশ্চিত নয়। সাপটি কোথা থেকে স্কুলের ভিতরে ঢুকল, সেটিও স্পষ্ট হয়নি। স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ঘটনার পরেই স্কুল চত্বরে সাপের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে। পুলিশ ও বন দফতরের কর্মীরাও ঘটনাস্থলে এসেছে।

শিক্ষকদের প্রাথমিক অনুমাণ, একতলার ১৩, ১৪ অথবা ১৫ নম্বর ঘরের আশপাশে সাপটি থাকতে পারে।সাপের সন্ধানে তল্লাশির পাশাপাশি স্কুলের সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। টিফিনের সময়ে ওই এলাকায় পড়ুয়াটি কোথায় ছিল এবং সাপটি কোন দিক থেকে এসেছিল, ফুটেজ দেখে তার সূত্র খোঁজার চেষ্টা চলছে। তবে সোমবার দুপুর পর্যন্ত সাপটির কোনও সন্ধান মেলেনি বলে খবর।

ফলে স্কুলের ভিতরে সেটি কোথাও লুকিয়ে রয়েছে কি না, তা নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ রয়েছে। পড়ুয়াদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে সাপটি খুঁজে বের করার চেষ্টা চলছে। সাপটি উদ্ধার না হলে পরের দিন স্কুল খোলা হবে কি না, সে বিষয়ে কর্তৃপক্ষ পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেবে।

মাত্র কয়েক দিন আগে কলকাতার হেরিটেজ স্কুলে তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে স্কুলের শৌচাগারে সাপে কামড়ানোর অভিযোগ উঠেছিল। পরপর কলকতার দুই স্কুলে সাপের কামড়ের ঘটনায় স্কুলগুলিতে পড়ুয়াদের নিরাপত্তা, পরিচ্ছন্নতা এবং বর্ষাকালে সাপের উপদ্রব মোকাবিলায় আগাম ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

বিশেষ করে স্কুলের শৌচাগার, ঝোপঝাড় ও অন্ধকার জায়গাগুলিতে নিয়মিত নজরদারি এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার দাবি জোরালো হচ্ছে।

প্রতিবেদন

Sumantra Mukherjee