বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
নিউ ফারাক্কায় ধস, বাতিল উত্তরবঙ্গগামী সব ট্রেন নিউটাউনে উত্তম কুমার ফিল্ম সেন্টারের শিলান্য়াস মুখ্য়মন্ত্রীর নেপালে ৯ দিন পর সুড়ঙ্গ থেকে উদ্ধার ২ শ্রমিক অভিষেকের ক্য়ামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশ

Women Asia Cup: স্মৃতির ব্যাটে রেকর্ডের ঝড়, হংকংকে উড়িয়ে পাকিস্তান ম্যাচের আগে ভারতের হুঙ্কার

04 September, 2026 2:18 AM Arko Banerjee
শেয়ার করুন

দুবাই: শুরুতে যেন একটু সময় নিচ্ছিলেন। তারপর আচমকাই বদলে গেল ছবিটা। গিয়ার বদলে স্মৃতি মান্ধানা যখন ঝড় তুললেন, তখন হংকংয়ের বোলারদের আর কিছুই করার ছিল না। ৬৪ বলে ১২৪—১৪টি চার, সাতটি ছক্কা। স্মৃতির বিধ্বংসী ইনিংসেই ২০ ওভারে ১৯৩/৫ তুলল ভারত। জবাবে হংকংয়ের ইনিংস থামল মাত্র ৫৬ রানে। ১৩৭ রানের বিশাল জয়। থাইল্যান্ডের পর হংকং—এশিয়া কাপে পরপর দু’টি ম্যাচে দাপট দেখিয়ে সেমিফাইনালের টিকিটও পাকা করে ফেলল ভারত।

তবে বৃহস্পতিবার দুবাইয়ে ম্যাচটা শুধু ভারতের জয়ের গল্প হয়ে থাকল না। রাতটা হয়ে গেল স্মৃতির। ৩৯ বলে অর্ধশতরান করার পর আর পিছনে তাকাননি ভারতীয় ওপেনার। ১৭তম ওভারে শতরান পূর্ণ করলেন ৫৭ বলে। শেষ পর্যন্ত ১২৪-এ থামলেন। আর সেই সঙ্গেই একের পর এক রেকর্ড তাঁর দখলে। আন্তর্জাতিক ক্রিকেটে ১৮টি শতরান করে মেগ ল্যানিং ও লরা ভলভার্টকে পিছনে ফেললেন স্মৃতি। মিতালি রাজকে টপকে মহিলা আন্তর্জাতিক ক্রিকেটে সর্বাধিক রানের মালিকও হলেন। মহিলা টি-২০ এশিয়া কাপের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসও এখন তাঁর।

আরও পড়ুন: Lionel Messi: মেসির ১০ নম্বর কি এবার অবসরে? আর্জেন্টিনার সিদ্ধান্তে বাড়ছে রহস্য

আরও পড়ুন: Indian Men’s Cricket Team: আফগানিস্তানের বিরুদ্ধে দলে সঞ্জু-বুমরাহ, বাদ রিঙ্কু-হার্দিক

স্মৃতির ঝড়ের শুরুটা অবশ্য একার ছিল না। শেফালি বর্মা ১৭ বলে ২৮ করে দ্রুত রান তুলেছিলেন। দু’জনে মিলে তৈরি করেছিলেন শক্ত ভিত। কিন্তু মাঝের দিকে দ্রুত কয়েকটি উইকেট পড়ে যায়। প্রতীকা রাওয়াল ১০, রিচা ঘোষ ১১, হরমনপ্রীত কৌর ১০ রানে ফেরেন। তখন দায়িত্বটা নিজের কাঁধেই তুলে নেন স্মৃতি। শেষ দিকে তাঁর ব্যাটের দাপটেই ১৯৪ রানের লক্ষ্য পায় হংকং। তারপর বল হাতে ভারতীয় স্পিনারদের দাপট। দীপ্তি শর্মা ৩/৯, নন্দিনী শর্মা, শ্রী চরণী ও প্রে‌মা রাওয়াত নেন দু’টি করে উইকেট। ১৬.২ ওভারে ৫৬ রানে শেষ হংকং।

এবার সামনে পাকিস্তান। ৫ সেপ্টেম্বরের সেই ম্যাচের আগে এর চেয়ে ভাল বার্তা আর কী হতে পারে? ব্যাট হাতে রেকর্ডের ঝড়, বল হাতে প্রতিপক্ষকে গুঁড়িয়ে দিয়ে ভারত বুঝিয়ে দিল—এশিয়া কাপে তাদের থামানো সহজ নয়। আর মাঝখানে দাঁড়িয়ে স্মৃতি মান্ধানা। এক ম্যাচে শুধু শতরান করেননি, নিজের নামে লিখেছেন ইতিহাসও। পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে ভারত তাই শুধু আত্মবিশ্বাসী নয়, ছন্দের চূড়াতেও।

প্রতিবেদন

Arko Banerjee