অনুমোদনহীন তিনতলা বাড়িতে বুলডোজার, কড়া পদক্ষেপ পুরনিগমের
সংবাদদাতা, শিলিগুড়ি: অনুমোদনহীন নির্মাণের বিরুদ্ধে কড়া পদক্ষেপ শিলিগুড়ি পুরনিগমের। জেলার ৫ নম্বর ওয়ার্ডের সন্তোষীনগরের ১ নম্বর গলির খাস জমিতে বসবাস ও অনুমোদিত নকশা ছাড়াই তিনতলা বাড়ি নির্মাণের অভিযোগে শনিবার অভিযান চালায় পুরনিগম।পুরনিগম সূত্রে জানা গিয়েছে, ওই নির্মাণকে ঘিরে দীর্ঘদিন ধরেই অভিযোগ ছিল। দাবি, নির্মাণ বন্ধ করার জন্য সুরেন্দ্র সাহানি নামের ব্যক্তিকে একাধিকবার নোটিশও দেওয়া হয়েছিল। এর আগে ড্রেনের ওপর বেআইনিভাবে নির্মাণ করা অংশের একাংশ ভেঙে দিয়েছিল পুরনিগম।
তবে পুরনিগমের নির্দেশের পরও নির্মাণকাজ বন্ধ না হওয়ায় শেষ পর্যন্ত আদালতের নির্দেশে ফের অভিযান চালানো হয়। বুলডোজার দিয়ে ওই ব্যক্তির বাড়ির নির্মাণ ভেঙে ফেলা হয়। পুরনিগমের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, অনুমোদনহীন নির্মাণ ও সরকারি পরিকাঠামোর ওপর বেআইনি দখলের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
