গৃহবধূকে খুনের ঘটনায় ঘটনাস্থলে ফরেন্সিক দল, পুলিশ আধিকারিক
সংবাদদাতা, নদীয়া: মাটি খুঁড়ে ঘরে ঢুকে মাঝবয়সী এক গৃহবধূকে ইট দিয়ে থেঁতলে নৃশংস খুন! ঘটনাস্থলে পুলিশ এবং ফরেন্সিক প্রতিনিধি দল। খুনের কিনারা এবং অভিযুক্তকে চিহ্নিত করার প্রক্রিয়া চলছে। নদীয়ার শান্তিপুর থানার ফুলিয়া প্রফুল্লনগর এলাকার ঘটনা। গৃহবধূ মিতালী বিশ্বাসের বয়স আনুমানিক ৫০ বছর। তিনি যে ঘরে ঘুমোন সেই ঘরে সোমবার তিনি রাতে একাই ছিলেন। অভিযোগ, টিনের ঘরে মেঝের মাটি খুঁড়ে এক দুষ্কৃতী ঘরের ভেতর ঢোকে। ঘরের ভেতরের একটি ইট নিয়ে ঘুমন্ত অবস্থায় থাকা ওই গৃহবধূকে সজোরে আঘাত করা হয়। বারংবার আঘাতের ফলে মৃত্যু হয় ওই মহিলার। সকালে বিষয়টি জানাজানি হতে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ। কী কারণে এরকম ঘটনা, তা জানার চেষ্টা শুরু হয়েছে। তবে এলাকার লোকজন জানিয়েছেন, ওই গৃহবধুর ব্যক্তিগতভাবে কারোর সঙ্গে কোনও শত্রুতা ছিল না। মঙ্গলবার সকালে ঘটনাস্থলে যায় ফরেন্সিক দলের একটি টিম। তারা সেখানকার বিভিন্ন নমুনা সংগ্রহ করে। পাশাপাশি প্রশাসন জানার চেষ্টা করছে এই খুনের ঘটনার পেছনে কী কারণ রয়েছে।
