প্রধান শিক্ষককে মার, ৪ ছাত্রকে চিহ্নিত করে টিসি দেওয়ার নির্দেশ শিক্ষামন্ত্রীর
সংবাদদাতা, জলপাইগুড়ি: জলপাইগুড়ি জেলা স্কুলের প্রধান শিক্ষক ধর্মচাদ বাড়ুইকে হামলা ও মারধরের অভিযোগ। শুক্রবারই স্কুলে পৌঁছলেন স্কুল শিক্ষা মন্ত্রী দীপক বর্মন। তাঁর সঙ্গে ছিলেন জেলা প্রশাসনের আধিকারিকরা।ঘটনাকে কেন্দ্র করে এদিন স্কুল চত্বরে ছিল ব্যাপক তৎপরতা। চার ছাত্রকে চিহ্নিত করে টিসি দেওয়ার নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী দীপক বর্মণ।
স্কুলে পৌছেই প্রধান শিক্ষকের ঘরে জলপাইগুড়ির জেলাশাসক ও জেলার দুই বিদ্যালয় পরিদর্শকের সঙ্গে বৈঠকে বসেন স্কুল শিক্ষামন্ত্রী। মূলত প্রধান শিক্ষকের উপর হামলার ঘটনা, স্কুলের বর্তমান পরিস্থিতি ও অভিযুক্তদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়েই আলোচনা হয়।
প্রথম বৈঠক করার পর প্রধান শিক্ষক, অভিভাবক ও ছাত্রদের সঙ্গে আলাদাভাবে কথা বলেন শিক্ষামন্ত্রী। পরে স্কুলের সভাকক্ষে জলপাইগুড়ি শহরের ২০টি স্কুলের প্রধান শিক্ষকদের সঙ্গে দ্বিতীয় বৈঠকে বসেন তিনি।
সেখানে বিদ্যালয়ের নিরাপত্তা, শৃঙ্খলা ও ছাত্রদের আচরণ-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে শিক্ষামন্ত্রী দীপক বর্মন জানান, প্রধান শিক্ষককে মারধরের ঘটনায় জড়িত চার ছাত্রকে এক দিনের মধ্যে সনাক্ত করে তাদের বিরুদ্ধে টিসি দেওয়ার ব্যবস্থা করতে হবে। ওই ছাত্রদের আর এই স্কুলে পড়াশোনা করতে দেওয়া হবে না বলেও জানান তিনি।
পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িত বহিরাগতদেরও শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্কুল শিক্ষামন্ত্রীর এই কড়া বার্তার পর জেলা স্কুলের সাম্প্রতিক ঘটনাকে ঘিরে প্রশাসনিক পদক্ষেপ আরও জোরদার হতে চলেছে বলে মনে করা হচ্ছে।
