জমানো টাকা হাতিয়ে উধাও! থানায় অভিযোগ শতাধিক মহিলার
সংবাদদাতা,দুর্গাপুর: পুজোর ঠিক আগেই কষ্টার্জিত জমানো টাকা নিয়ে উধাও হওয়ার অভিযোগ উঠল দুর্গাপুরের ৪০ নম্বর ওয়ার্ডের বীরভানপুরের বাসিন্দা চম্পা বাউরির বিরুদ্ধে। অভিযোগ, বেশি সুদের প্রলোভন দেখিয়ে বেশ কয়েক বছর ধরে এলাকার মহিলাদের কাছ থেকে মাসিক ফান্ডের টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা সংগ্রহ করেছিলেন তিনি। সেই টাকা নিয়েই অভিযুক্ত নিরুদ্দেশ হয়ে গিয়েছেন বলে দাবি মহিলাদের। স্থানীয় সূত্রে খবর, এলাকার প্রায় ১০০ জনেরও বেশি মহিলা নিয়মিত ওই ফান্ডে টাকা জমা দিতেন। বেশি সুদে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। কিন্তু সম্প্রতি টাকা ফেরত দেওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। এরপরই চম্পা বাউরির সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন মহিলারা। কিন্তু তাঁর কোনও হদিশই পাওয়া যায়নি বলে অভিযোগ। বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন মহিলারা। শ্বশুরবাড়ির পাশাপাশি চম্পার বাপের বাড়িতে গিয়েও খোঁজ করেন তাঁরা। তবে কোথাও চম্পাকে পাওয়া যায়নি বলে অভিযোগ। শনিবার রাতে একশোরও বেশি মহিলা দুর্গাপুরের কোকওভেন থানায় গিয়ে সেখানে চম্পা বাউরির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁদের দাবি, বছরের পর বছর ধরে জমানো টাকা পুজোর আগে ফেরত না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন তাঁরা। পুলিশের কাছে অভিযোগ জানিয়ে মহিলারা তাঁদের জমানো টাকা দ্রুত উদ্ধারের পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন।
