‘রামায়ণ’–এর ট্রেলার লঞ্চে রাম–হনুমান খচিত ঘড়ি পরে তাক লাগালেন রণবীর
রুচিতা লাহিড়ি
পর্দার রাম হওয়ার জন্য কম কৃচ্ছ্রসাধন করেননি রণবীর কাপুর। রামের চরিত্র যাতে নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পারেন, সে জন্য সবার চোখের আড়ালে প্রায় তিন বছর ধরে রীতিমত কসরত চালিয়েছেন। এই ক’বছরে মুখে তোলেননি মাছ–মাংস। ছেড়েছেন মদ্যপান। এমনকী রামের মতো সুস্বাস্থ্যের অধিকারী হয়ে উঠতে নিজেকে প্রতিদিন বেঁধে রেখেছিলেন কঠোর পরিশ্রমে। তিল তিল করে ‘রাম’ হয়ে ওঠার চেষ্টা চালিয়ে গিয়েছেন রণবীর। তিনি যে চরিত্রটার মধ্যে কতখানি আত্মস্থ হয়ে গিয়েছেন সেটা আরও ভাল বোঝা গিয়েছিল গত মে মাসে। রাম জন্মভূমিতে কিনে ফেলেছিলেন কয়েক একর জমিও।
কিন্তু এবার গোটা রামমন্দিকেই নিজের কব্জিবন্দি করে ফেললেন রণবীর। কীভাবে? সদ্য হয়ে গেল চার হাজার কোটি বাজেটের ছবি ‘রামায়ণ’–এর ইংরেজি সংস্করণের ট্রেলার লঞ্চ অনুষ্ঠান। সেখানেই সকলের নজর কাড়ল রণবীরের ঘড়ির মধ্যে রাম মন্দির এবং সঙ্গে রাম এবং হনুমানের পূর্ণাঙ্গ অবয়ব। ‘জ্যাকব অ্যান্ড কোং’–এর ‘এপিক এক্স রাম জন্মভূমি রোজ গোল্ড এডিশন’–এর ঘড়ি পরে উপস্থিত সবাইকে এককথায় তাজ্জব বানিয়ে দিয়েছেন রণবীর। শোনা গেছে, কমলা রঙের বেল্ট দেওয়া এই ঘড়ির দাম নাকি ৭৮ লক্ষ টাকা! বলার কথা হল, এদিনের ট্রেলার লঞ্চ অনুষ্ঠানের মধ্যমণি ছিল রণবীরের এই ঘড়ি। উপস্থিত বেশিরভাগ সাংবাদিকদেরই ক্যামেরার লেন্স ঝলকে উঠেছে কাপুর–সাহেবের ঘড়ির দিকে তাক করে। তারপর থেকেই রণবীরের এই ৭৮ লাখি ঘড়ি নিয়ে তুমুল চর্চা চলছে নেটপাড়ায়।
বি টাউনের অতীত ইতিহাস হাঁতড়ালে দেখা যাবে, এর আগে একমাত্র সলমন ভাইজানের হাতেই রামমন্দিরের প্রতিকৃতি দেওয়া ঘড়ি দেখা গিয়েছিল। কিন্তু রণবীরের এই ঘড়ি দামে এবং মানে সল্লুকে টেক্কা দিয়ে দিয়েছে বলেই মনে করছেন সমালোচকেরা। নিতেশ তিওয়ারি পরিচালিত ও নমিত মালহোত্রা প্রযোজিত বিগ বাজেটের এই ছবিতে রণবীর কাপুরের সঙ্গেই স্ক্রিন শেয়ার করবেন যশ, সাই পল্লবী, রবি দুবে প্রমুখ।
সামনে আসা ট্রেলারটিতে মূলত রাম–রাবণের যুদ্ধকে প্রাধান্য দেওয়া হলেও, মহাকাব্যের গুরুত্বপূর্ণ আবেগঘন মুহূর্তগুলিও উঠে এসেছে।
