বোনাস হিসেবে রেলকর্মীরা পাবেন ৭৮ দিনের বেতন, ঘোষণা কেন্দ্রের
সংবাদদাতা, নয়াদিল্লি: রেলকর্মীদের জন্য ৭৮ দিনের বেতন ‘প্রোডাক্টিভিটি-লিঙ্কড বোনাস’ হিসেবে মঞ্জুর করল কেন্দ্রীয় মন্ত্রিসভা। রেল মন্ত্রকের পক্ষে এক বিবৃতিতে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৭৮ দিনের বোনাস অনুমোদন করেছেন। এরপরই বুধবার কেন্দ্রীয় মন্ত্রিসভা ১১,৪০,৭৭০ জন রেলকর্মীকে ১৮৬৫.৬৮ কোটি টাকায় ৭৮ দিনের প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস বা পিএলবি দেওয়ার সিদ্ধান্তে সিলমোহর দিয়েছে। কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এদিন বিকেলে মন্ত্রিসভার বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলি সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেন ।
৭৮ দিনের এই বোনাসের সর্বোচ্চ সীমা হল ১৭ হাজার ৯৫১ টাকা। জানানো হয়েছে, এই বোনাসের আওতায় আসবেন লোকো পাইলট, গার্ড, স্টেশন মাস্টার, রেললাইন রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা কর্মচারী, সুপারভাইজার, পয়েন্টসম্যান, টেকনিশিয়ান, টেকনিশিয়ান হেল্পার, রেল মন্ত্রকের কর্মী এবং অন্যান্য গ্রুপ ‘সি’ কর্মচারীরা। এই বোনাস পাবেন না আরপিএসএফ এবং আরপিএফ কর্মীরা। জানা গেছে, এই বোনাসের জন্য রেল মন্ত্রকের খরচ হবে মোট ২০০৯.৬১ কোটি টাকা। কেন্দ্র সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রেলের পারফরম্যান্স আরও ভালো করার প্রক্রিয়াকে উৎসাহ দিতেই এই বোনাস ঘোষণা করা হয়েছে ৷ উল্লেখ্য, গত বছরও এই একই পরিমাণ বোনাস দিয়েছিল কেন্দ্র।
এদিন রেলমন্ত্রী জানিয়েছেন, রেলের ১ লক্ষ ৬৫ হাজার শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে ৷ ২০১৪ সাল থেকে এখনও পর্যন্ত রেলে ৫ লক্ষ চাকরি হয়েছে বলেও দাবি করেন তিনি৷
