কৃষ্ণনগরের বাড়িতে ফিরল মৃত পর্বতারোহী ধ্রুবজ্যোতির কফিনবন্দি দেহ
সংবাদদাতা, কৃষ্ণনগর: অবশেষে কৃষ্ণনগরের পর্বতারোহী ধ্রুবজ্যোতি গুহর কফিনবন্দি মরদেহ ফিরল তাঁর ষষ্ঠীতলার বাড়িতে। গত ১৯ সেপ্টেম্বর মানাসলু শৃঙ্গ জয় করতে গিয়ে বরফের ধসে চাপা পড়ে যান তিনি এবং সঙ্গী এক শেরপা। ঘটনার পরদিন ২০ সেপ্টেম্বর তাঁর বাড়িতে মৃত্যুর খবর আসে নেপাল সরকার মারফৎ। আজ কৃষ্ণনগর ষষ্ঠীতলার বাড়িতে তাঁর কফিনবন্দি মৃতদেহ এসে পৌঁছালে শ্রদ্ধা নিবেদন করেন কৃষ্ণনগর উত্তরের বিধায়ক তারকনাথ চট্টোপাধ্যায় সহ স্থানীয় প্রতিবেশী সকলে। মৃত পর্বতারোহীর মরদেহ বাড়িতে আসার সাথে সাথে অসংখ্য মানুষ ভিড় জমান তাঁর বাড়িতে। শোকের ছায়া নেমে আসে এলাকা জুড়ে। যদিও এতদিন পর্যন্ত ছেলের মৃত্যুর খবর বৃদ্ধ মা-বাবাকে জানানো হয়নি। এদিন মা এবং বাবাকে শেষ দেখা দেখানো হয়। বাড়ি থেকে তার মরদেহ নিয়ে যাওয়া হয় তাঁর ছোটবেলার স্কুল কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলে। সেখানে শেষ শ্রদ্ধা জানানোর পাশাপাশি মৃত পর্বতারোহীর দেহ নবদ্বীপ শ্মশানের উদ্দেশ্যে রওনা দেয়। নবদ্বীপ শ্মশানে তার অন্ত্যেষ্টি ক্রিয়া সম্পন্ন হয়।
