বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

তিন ডবল ইঞ্জিন রাজ্যে নাবালিকাদের যৌন হেনস্তা, প্রতিটি ক্ষেত্রেই গুলি করে অভিযুক্তকে গ্রেপ্তার

23 September, 2026 12:52 AM Sandipan Saha
শেয়ার করুন

সংবাদদাতা: তিন ডবল ইঞ্জিন রাজ্য বিহার, উত্তরপ্রদেশ ও রাজধানী নয়াদিল্লিতে নাবালিকাদের উপর যৌন হেনস্তা ও ধর্ষণের অভিযোগ ঘিরে পরপর তিনটি ঘটনা সামনে এসেছে। এর মধ্যে বিহার ও উত্তরপ্রদেশে অভিযুক্তদের গ্রেপ্তারের সময় পুলিশের সঙ্গে গুলির লড়াই হয়েছে। তিনটি ঘটনাকে একসঙ্গে ধরলে সামনে আসে নারী ও শিশুর নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা নিয়ে একাধিক প্রশ্ন।

তিনটি ঘটনাই নতুন করে প্রশ্ন তুলেছে শিশু ও কিশোরীদের নিরাপত্তা নিয়ে। আর এই তিনটি ক্ষেত্রেই অভিযুক্তদের গ্রেপ্তারের সময় পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

* দিল্লির কালকাজিতে পুলিশের পরিচয় দিয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

দিল্লির কালকাজির আস্থা কুঞ্জ পার্কে ১৭ বছরের এক কিশোরীকে তিন ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে যৌন নির্যাতন ও ধর্ষণ করেছে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা কিশোরী ও তার বন্ধুকে ভয় দেখিয়ে আলাদা করে দেয়। পরে কিশোরীকে নির্জন জায়গায় নিয়ে গিয়ে তিনজন মিলে ধর্ষণ করে বলে অভিযোগ।

এই ঘটনায় অভিযুক্ত আসিফকে গ্রেপ্তার করতে গিয়ে দক্ষিণ-পূর্ব দিল্লিতে পুলিশের সঙ্গে তার গুলির লড়াই হয় বলে পুলিশ জানিয়েছে। পুলিশের দাবি, আসিফ প্রথমে তিন রাউন্ড গুলি চালায়। জবাবে পুলিশ গুলি চালালে তার ডান পায়ে গুলি লাগে। বাকি দুই অভিযুক্তের খোঁজ চলছে।

উল্লেখ্য গত ১০ দিনে রাজধানীতে মোট চারটি গণধর্ষণের ঘটনা ঘটল। দিন কয়েক আগে এক নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছিল। তার দেহ কুকুরে খুবলে খেয়েছিল। একের পর এক ঘটনায় রাজধানীর নিরাপত্তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। এত নিরাপত্তার মধ্যেও যদি অপরাধীরা বেপরোয়া হয়ে যায়, তবে বুঝতেই হবে বজ্র আঁটুনির মধ্যেই প্রশাসনের ফস্কা গেরো আছে।

* বিহারের জামুইয়ে ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড়

বিহারের জামুইয়ে দশম শ্রেণির এক ছাত্রীকে একদল যুবকের হেনস্তার অভিযোগ ওঠে। অভিযোগ, কোচিং থেকে এক সহপাঠীর সঙ্গে ফেরার পথে মারওয়া পাহাড় এলাকায় তাঁদের পথ আটকানো হয়। ছাত্রী ও তাঁর বন্ধুকে হেনস্তা করার পাশাপাশি গোটা ঘটনার ভিডিও করা হয় বলে অভিযোগ। সেই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়। কিন্তু রাজ্যের মন্ত্রী এটাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ বলায় তাঁকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয়। পুলিশের দাবি, এই ঘটনায় একাধিক জনের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তদন্তের জন্য SIT গঠন করা হয়েছে।

মঙ্গলবার মূল অভিযুক্ত নন্দন যাদবকে গ্রেপ্তার করতে গিয়ে পুলিশের সঙ্গে তার গুলির লড়াই হয় বলে পুলিশ জানিয়েছে। পুলিশের দাবি, অভিযুক্তকে গুলি করে আহত করার পর গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনায় মোট গ্রেপ্তারের সংখ্যা বেড়ে পাঁচ হয়েছে।

* উত্তরপ্রদেশের সীতাপুরে ছয় বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

যোগীরাজ্য উত্তরপ্রদেশের সীতাপুরে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে অবধরাম ওরফে ভোলে শঙ্করের বিরুদ্ধে। পরিবারের অভিযোগ, শিশুটি বাড়ির বাইরে খেলছিল। পরে তাকে খুঁজতে গিয়ে আখের খেতের কাছে শিশুটিকে পাওয়া যায়। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে ধরতে গেলে সে পুলিশের দিকে গুলি চালায়। পাল্টা গুলিতে তার পায়ে গুলি লাগে এবং তাকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি অবৈধ আগ্নেয়াস্ত্র ও দু’টি কার্তুজ উদ্ধারের দাবি করেছে পুলিশ।

তিন রাজ্যের তিন ঘটনায় অভিযোগের ধরন আলাদা হলেও একটি বিষয় অভিন্ন। সেটা হল, নাবালিকাদের নিরাপত্তা। তার সঙ্গে যুক্ত হয়েছে পুলিশের ভূমিকা এবং অভিযুক্তদের গ্রেপ্তারের সময় গুলির লড়াইয়ের প্রশ্নও। পর পর এই ধরনের ঘটনায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

 

প্রতিবেদন

Sandipan Saha