জেলা পরিষদের ভোটের আগে মালদহে কংগ্রেস ও তৃণমূলের ৩ সদস্য গ্রেপ্তার, ক্ষোভ
সংবাদদাতা, মালদহ: জেলা পরিষদের সভাধিপতি ও সহ সভাধিপতি নির্বাচনের ঠিক কয়েক ঘণ্টা আগে সোমবার গভীর রাতে মালদহ স্টেশনে ট্রেন থেকে নামতেই তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস শিবিরের প্রায় তিনজন সদস্যকে আটক করল মালদহ জেলা পুলিশ। এর পরই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দক্ষিণ মালদহের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী ও কংগ্রেস নেত্রী মৌসম বেনজির নূরের অভিযোগ, মালদহ জেলা পরিষদ গঠনে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা না থাকায় পুলিশের সহযোগিতায় তাদের তিনজন সদস্যকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে আটক করা হয়েছে। বিজেপি গণতন্ত্রকে হত্যা করতে চাইছে, মানুষ এর জবাব দেবে। উল্লেখ্য মালদহ জেলা পরিষদের আসন সংখ্যা ৪৩টি। যার মধ্যে তৃণমূলেরই বিক্ষিপ্ত ১৯ জন সদস্য, কংগ্রেসের পাঁচজন সদস্যের সমর্থনে জেলা পরিষদের সভাধিপতি এবং সহকারী সভাধিপতির বিরুদ্ধে অনাস্থা এনেছিলেন। ঝাড়খণ্ডের একটি এলাকায় প্রায় এক মাস ধরে শিবিরে ছিলেন তারা। মঙ্গলবার মালদহ জেলা পরিষদের সভাধিপতি ও সহ সভাধিপতি নির্বাচনের দিন। তাই সোমবার রাতে তারা ঝাড়খণ্ড থেকে ট্রেনে করে মালদহে ফিরছিলেন। কিন্তু মালদহ টাউন স্টেশনে নামতেই তাদের মধ্য থেকে তিনজন সদস্যকে পুলিশ আটক করে বলে অভিযোগ। তাই এই ঘটনায় জেলা কংগ্রেস নেতৃত্ব রাজ্যের পুলিশ প্রশাসন সহ রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন।
