মালদায় বিমানবন্দর তৈরির লক্ষ্যে জমি পরিদর্শন সাংসদের, প্রকল্প ঘিরে নতুন করে আশার আলো
সংবাদদাতা, মালদহ: মালদহে বিমানবন্দর তৈরির সম্ভাবনা খতিয়ে দেখতে ভাবুক গ্রাম পঞ্চায়েতের পশ্চিম বাঞ্জাপাড়া এলাকায় জমি পরিদর্শন করলেন উত্তর মালদহের সাংসদ খগেন মুর্মু ও মালদহের বিধায়ক গোপাল চন্দ্র সাহা।
শুক্রবার দুপুরে তাঁদের সঙ্গে উপস্থিত ছিলেন বিডিও অনীক রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী সরকার সহ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। প্রস্তাবিত বিমানবন্দর নির্মাণের উপযুক্ত জমি ও এলাকার পরিকাঠামো খতিয়ে দেখতেই এই পরিদর্শন বলে জানা গিয়েছে। প্রস্তাবিত বিমানবন্দর তৈরির জন্য প্রায় ১,০০০ একর জমির প্রয়োজন হতে পারে বলে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে। পাশাপাশি বিমান ওঠানামার জন্য প্রায় চার কিলোমিটার দীর্ঘ রানওয়ের প্রয়োজনীয়তার বিষয়টিও উঠে আসে।
এদিন সংশ্লিষ্ট এলাকা ঘুরে দেখে প্রয়োজনীয় জমি, বিমানবন্দর নির্মাণের সম্ভাবনা ও প্রয়োজনীয় পরিকাঠামো নিয়ে জনপ্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকদের মধ্যে আলোচনা হয়। এ প্রসঙ্গে সাংসদ খগেন মুর্মু জানান, এটি একটি অনানুষ্ঠানিক পরিদর্শন। মালদহ শহরের বর্তমান এলাকায় বিমান ওঠানামার ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। সেই বিষয়টি বিবেচনায় রেখেই ভাবুকের পশ্চিম বাঞ্জাপাড়া এলাকা পরিদর্শন করা হয়েছে। এই বিষয়ে প্রস্তাব পাঠানো হবে বলেও জানান তিনি।
মালদহে বিমানবন্দর গড়ে উঠলে জেলার যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি পর্যটন, ব্যবসা-বাণিজ্য সহ আর্থিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। বিমান পরিষেবা চালু হলে মালদহের সঙ্গে রাজ্যের অন্যান্য শহর এবং দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ গন্তব্যের যোগাযোগ আরও সহজ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিমানবন্দর নির্মাণের চূড়ান্ত সিদ্ধান্ত, জমি অধিগ্রহণ বা চিহ্নিতকরণ, প্রযুক্তিগত সমীক্ষা ও প্রকল্প বাস্তবায়নের বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানা যায়নি। আপাতত প্রস্তাবিত এলাকার সম্ভাবনা খতিয়ে দেখার পর্যায়েই রয়েছে বিষয়টি। আগামী দিনে প্রশাসনিক স্তরে কী পদক্ষেপ করা হয়, এখন সেদিকেই নজর মালদহবাসীর।
