কুমোরটুলিতে কোজাগরী লক্ষ্মীপুজোর ব্যস্ততা তুঙ্গে, শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

সংবাদদাতা, কলকাতা: দুর্গাপুজোর রেশ কাটতে না কাটতই বাঙালির ঘরে ঘরে শুরু হয়েছে কোজাগরী লক্ষ্মীপুজোর প্রস্তুতি। মা লক্ষ্মীর আরাধনায় মেতে উঠতে প্রস্তুত আপামর বাঙালি। আর সেই পুজোর জন্যই কলকাতার কুমারটুলিতে এখন ব্যস্ততা তুঙ্গে। প্রতিমার গায়ে শেষ তুলির টান, রঙের কাজ, চক্ষুদান থেকে শুরু করে অলংকার পরানো সবেতেই চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দ্রুত প্রতিমা তৈরির কাজ শেষ করে ক্রেতাদের হাতে তুলে দিতে দিনরাত এক করে কাজ করছেন তাঁরা। কিছু কিছু বাড়িতে মা লক্ষ্মীর পাশাপাশি পূজিত হন নারায়ণও। সেই কারণে কোথাও কোথাও একসঙ্গে লক্ষ্মী ও নারায়ণের প্রতিমা তৈরির কাজও চলছে জোরকদমে।
তবে এবছর প্রতিমার দাম বৃদ্ধি পাওয়ায় কিছুটা চিন্তায় রয়েছেন ক্রেতারা। এই বিষয়ে প্রতিমা শিল্পীরা জানান, প্রতিমা তৈরির শ্রমিকদের মজুরি এবং খড়, মাটি, রং থেকে শুরু করে বিভিন্ন উপকরণের দাম অনেকটাই বেড়ে গেছে। ফলে বাধ্য হয়েই প্রতিমার দাম কিছুটা বাড়াতে হয়েছে তাঁদের। সব মিলিয়ে, নানা প্রতিকূলতা থাকলেও কোজাগরী লক্ষ্মীপুজোকে ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে পুরোদমে।
