বুধবার, ১৪ মে, ২০২৫
ব্রেকিং নিউজ
টাইগার শ্রফের উপর হামলায় ধৃত আরও ৪ আজ বিজয়া দশমী, ঘাটে ঘাটে চলছে প্রতিমা নিরঞ্জন ভারতের সঙ্গে চুক্তি অন্যরকম, জানালেন ট্রাম্প দেশজুড়ে পালিত হচ্ছে দশেরা

কালীচরণ ও পতাকীচরণ বন্দ্যোপাধ্যায় স্মৃতি সম্মাননা প্রদান

03 October, 2026 8:19 PM Lopa Bhowmik
শেয়ার করুন

শৌভিক সরকার

নাট্যদলের ৬ বছর পূর্তি এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষ্যে পড়শী খাঁটুরা আয়োজন করল কালীচরণ বন্দোপাধ্যায় ও পতাকী চরণ বন্দোপাধ্যায় স্মৃতি সম্মান প্রদান অনুষ্ঠান। গোবরডাঙা শিল্পায়ন স্টুডিও থিয়েটারের দীপা ব্রহ্ম মঞ্চে আয়োজিত হয়েছিল এই বিশেষ অনুষ্ঠান। কালীচরণ বন্দোপাধ্যায় স্মৃতি সম্মান পেলেন পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের অধিকর্তা আশিস গিরি। অন্যদিকে পতাকীচরণ বন্দোপাধ্যায় স্মৃতি সম্মান তুলে দেওয়া হল  বিশিষ্ট নাট্য পরিচালক ও নাট্যকার  আশিস চট্টোপাধ্যায়কে।  এই সময়ের অত্যন্ত যোগ্য এবং গুণী এই দুজন ব্যক্তিত্বকে এই স্মৃতি সম্মানে সম্মানিত করলেন কালীচরণ বন্দ্যোপাধ্যায়ের পৌত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সেতার বাদক জয়ন্ত বন্দোপাধ্যায়। বাংলার লোক নাট্যমঞ্চের ও যাত্রাশিল্পের ইতিহাসে উত্তর ২৪ পরগণার গোবরডাঙা অত্যন্ত উল্লেখযোগ্য স্থান। আর এই অঞ্চলেরই খ্যাতিমান দুই ব্যক্তিত্ব ছিলেন কালীচরণ বন্দোপাধ্যায় এবং পতাকীচরণ বন্দোপাধ্যায়।
বিংশ শতাব্দীর প্রথমার্ধে যাত্রাকে পেশাদারিত্ব, নাগরিকরুচি ও উচ্চমানের অভিনয় শিল্পের সংমিশ্রণে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন এই দুই শিল্পী ও সংগঠক। যাত্রামঞ্চে মাইক না থাকা সত্ত্বেও স্পষ্ট ও জোরালো কন্ঠে নিখুঁত সংলাপ উচ্চারণে হাজার হাজার দর্শককে মন্ত্রমুগ্ধ করে রাখতেন তাঁরা। যাত্রা ও পেশাদারি রঙ্গমঞ্চ— উভয় মাধ্যমেই সমান দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন এই দুই শিল্পী, যা প্রতিটি প্রজন্মের অভিনেতাদের কাছে শিক্ষনীয় বিষয়। দুই আশিসের বক্তব্যেই উঠে এল এই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। এই দুই মহান শিল্পীর নাট্যচর্চার পরম্পরাকে যে আজও বহন করে চলেছে গোবরডাঙা সে কথা জানালেন দুজনেই। আশিস গিরি এবং আশিস চট্টোপাধ্যায় বলেন যে, বাংলা নবজাগরণের অগ্রদূত বিদ্যাসাগরের কর্চম ওবং জীবনের সামগ্রিক চর্চা বর্তমান সময়ে অত্যন্ত জরুরি।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘পড়শী স্মারক সম্মান’ প্রদান করা হল সেতার শিল্পী জয়ন্ত বন্দোপাধ্যায়কে। একে একে সংবর্ধিত হলেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব প্রদীপ রায়চৌধুরী , বিশিষ্ট বেতার শিল্পী মহম্মদ রফিউদ্দিন , বিশিষ্ট সাংবাদিক নীরেশ ভৌমিক ও পাঁচু গোপাল হাজরা এবং বিশিষ্ট অভিনেতা অভীক বন্দোপাধ্যায়। প্রত্যেকের হাতেই বিদ্যাসাগরের প্রতিকৃতি স্মারক হিসাবে তুলে দেওয়া হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে একক নৃত্য পরিবেশনায় ছিলেন আন্তর্জাতিক খ্যাতনামা নৃত্যশিল্পী চিন্ময় পাল। সবশেষে পরিবেশিত হল পড়শী খাঁটুরা প্রযোজিত নাটক ‘শেষ প্রণাম’। নাটক ও প্রয়োগ সৌমেন ভট্টাচার্য। সঞ্চালনায় ছিলেন কৃশানু রায়।

প্রতিবেদন

Lopa Bhowmik