স্টারলিঙ্কের সঙ্গে প্রতিযোগিতায় আপত্তি নেই, মাস্ককে জবাব দিয়ে সতর্ক করল জিয়ো
মুম্বই, ১৬ অক্টোবর: ভারতে স্টারলিঙ্ক চালু করতে না পারার ক্ষোভ উগরে দিয়ে মুকেশ আম্বানীকে একের পর এক আক্রমণ করে চলেছেন ইলন মাস্ক। এমন কী, বিজেপির মদতে আম্বানী ভারতবাসীকে শোষণ করছেন, এমন অভিযোগও তুলেছেন মার্কিন ধনকুবের। এই আবহে শুক্রবার মুখ খুলল রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ। সংস্থার স্পষ্ট বার্তা, স্টারলিঙ্ক-সহ যে কোনও সংস্থার সঙ্গে স্যাটেলাইট ইন্টারনেট (স্যাটকম) বাজারে লড়তে প্রস্তুত তারা। তবে সব অপারেটরকেই ভারতের আইন ও নিয়ন্ত্রক কাঠামো মেনে চলতে হবে। জিয়োর পরিচালক সংস্থার বিবৃতিতে বলা হয়েছে, “আমরা স্টারলিঙ্ক-সহ উপগ্রহ ভিত্তিক ইন্টারনেট যোগাযোগের ক্ষেত্রে প্রতিযোগিতাকে স্বাগত জানাই। জিয়ো-সহ প্রত্যেক সংস্থাকেই ভারতের জনগণের সেবা করতে হবে এবং দেশের আইন ও নীতি মেনে চলতে হবে।”
এর আগে বৃহস্পতিবার জিয়ো ইঙ্গিত দিয়েছিল, দেশে স্যাটকম যতটা জনপ্রিয় হবে বলে ভাবা হচ্ছে, বাস্তবে তা কঠিন। প্রধান কারণ গ্রাহকের উপর চড়া খরচ। মুম্বইয়ে জিয়োর এক শীর্ষকর্তা জানান, ফাইবার অপটিক্স ভিত্তিক ‘ফিক্সড ওয়্যারলেস সংযোগ’ ভারতে অনেক কম দামে পাওয়া যায়। ফলে নির্দিষ্ট কিছু ক্ষেত্র ছাড়া স্যাটকমের সফল হওয়া মুশকিল।
স্টারলিঙ্কের খরচের প্রসঙ্গ টেনে ওই কর্তার বক্তব্য, ভারতের মতো দেশে মাসে ৫-৬ হাজার টাকা দিয়ে কেউ এই পরিষেবা নেবে না। অন্য দিকে, জিয়ো মাত্র ৪০০-৫০০ টাকায় অনেক দ্রুতগতির ইন্টারনেট দিচ্ছে। সংশ্লিষ্ট মহলের একাংশ মনে করছে, মাস্কের দোষারোপের জবাব দিতেই এই মন্তব্য। আগামী ২১ অক্টোবর প্রথম বার শেয়ার বাজারে আসছে জিয়ো। তার আগে নিয়ন্ত্রক সংস্থা সেবির কাছে জমা দেওয়া রেড হেরিং প্রসপেক্টাসেও স্যাটকম ক্ষেত্রকে ব্যবসা বৃদ্ধির অন্যতম চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেছে সংস্থা।
