AFC Asian Cup: ২০ বছরের অপেক্ষার অবসান, বাংলাদেশকে উড়িয়ে এশিয়ার মঞ্চে ভারত
তাশখন্দ: দুই দশকের অপেক্ষা শেষ। উজবেকিস্তানের তাসখন্দের দোস্তলিক স্টেডিয়ামে বাংলাদেশকে ৩-০ গোলে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নিল ভারত। ২০০৬ সালের পর এই প্রথম এই প্রতিযোগিতার মূলপর্বে খেলবে ভারতীয় দল। গ্রুপ বি-র শেষ ম্যাচে শুরু থেকে শেষ পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ছিল ভারতের হাতেই। বাংলাদেশের জন্য ম্যাচে ফেরার সুযোগও কার্যত তৈরি হতে দেয়নি তারা।

২৫ মিনিটে ড্যানি মেইতেই লাইশরামের গোলে এগিয়ে যায় ভারত। প্রথমার্ধে আর গোল না হলেও বিরতির পর ব্যবধান বাড়াতে বেশি সময় নেয়নি তারা। ৬০ মিনিটে গোল করে ভারতকে ২-০ এগিয়ে দেন বিশাল যাদব। দুই গোলে পিছিয়ে পড়ার পর বাংলাদেশ কিছুটা আক্রমণে ওঠার চেষ্টা করলেও ভারতের রক্ষণ ভাঙতে পারেনি। উল্টে ৭৯ মিনিটে পরিবর্ত হিসাবে নেমে গোল করেন মহম্মদ আরবাশ। তাঁর গোলে ম্যাচের ফল কার্যত নিশ্চিত হয়ে যায়।
আরও পড়ুন: Kolkata Derby: যার পায়ে চূর্ণ সবুজ-মেরুন দম্ভ, চেনেন ইস্টবেঙ্গলের নতুন নায়ক এডমন্ডকে?
আরও পড়ুন: Premier League: আর্সেনালের কামব্যাক, ৯৬ মিনিটে ইউনাইটেডের স্বপ্নভঙ্গ
গ্রুপ বি-তে তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে দ্বিতীয় ভারত। তিন ম্যাচে ন’পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে উজবেকিস্তান। ভারতের একমাত্র হারও তাদের বিরুদ্ধেই। তিন পয়েন্ট নিয়ে তৃতীয় সিরিয়া। কোনও ম্যাচে জয় না পেয়ে শূন্য পয়েন্টে শেষ বাংলাদেশ। তবে গ্রুপে দ্বিতীয় হয়েও ভারতের সামনে মূলপর্বের দরজা খুলেছে। আট গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দলগুলির মধ্যে সেরা সাতটি দল মূলপর্বে যাবে। সেই তালিকায় রয়েছে ভারত।
আগামী বছর চিনে হবে অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ। ২৪ মার্চ থেকে ১০ এপ্রিল পর্যন্ত চলবে প্রতিযোগিতা। সেখানেই আরও বড় স্বপ্ন দেখার সুযোগ ভারতের সামনে। কারণ মূলপর্বের সেরা চার দল সরাসরি জায়গা করে নেবে ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে। বাংলাদেশের বিরুদ্ধে ৩-০ জয় তাই শুধু প্রতিবেশীকে হারানোর আনন্দ নয়—২০ বছর পর এশিয়ার যুব ফুটবলের বড় মঞ্চে ভারতের প্রত্যাবর্তন।
