সোপোরে পাহাড়ি গুহা থেকে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র
সংবাদদাতা, শ্রীনগর: সেনা বাহিনী এবং পুলিশের যৌথ অভিযানে উদ্ধার প্রচুর পরিমাণ অস্ত্র। যার মধ্যে রয়েছে ৭টি ম্যাগাজিন, গুলি-সহ দুটি অ্যাসল্ট রাইফেল (একটি একে-৪৭, অন্যটি একে-৭৬), এছাড়া ৪টি ম্যাগাজিন ও গুলি-সহ ৪টি পিস্তল, ৫ রাউন্ড গুলি, একটি মাল্টি গ্রেনেড লঞ্চার, ১১টি হ্যান্ড গ্রেনেড, ৩টি রিমোট কন্ট্রোলড আইইডি, ৮টি ডেটোনেটর এবং দুটি টাইমার উদ্ধার হয়েছে। এর পাশাপাশি ওয়াই-এসএমএস সেট, প্রিমা কর্ড, তার, ব্যাটারি সেল, আইইডি-সম্পর্কিত যন্ত্রাংশ এবং অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। জম্মু-কাশ্মীরের সোপোরের জঙ্গলের মধ্যে পাহাড়ি গুহায় অভিযান চালিয়ে এইসব জিনিস হাতে আসে সেনা ও পুলিশের। তল্লাশির সময় কোনও জঙ্গির হদিশ পাওয়া না গেলেও সন্দেহ করা হচ্ছে যে, উপত্যকায় বড় ধরণের হামলা চালাতেই অস্ত্র মজুত করা হয়েছিল।
পুলিশ জানিয়েছে, যে ধরণের গ্রেনেট এই অভিযানে পাওয়া গিয়েছে, তা ব্যবহার করে লস্করের ছায়া সংগঠন দ্য রেজিসট্যান্স ফ্রন্ট। এই বিপুল পরিমাণ অস্ত্রের উৎস খতিয়ে দেখতে শুরু করেছে পুলিশ। জানা গেছে বিরাট পুলিশ বাহিনী জঙ্গলের মধ্যে এক গুহায় প্রবেশ করে। সেখানে একটি বড় পাথরের নিচে একটি নীল রঙের ব্যারেল ও ব্যাগ উদ্ধার করা হয়। সেগুলিতে বিস্ফোরক থাকতে পারে অনুমান করেই ডাকা হয় বম্ব স্কোয়াডকে। গোটা ঘটনায় একাধিক ধারায় এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ।
