ভয়াবহ অগ্নিকাণ্ড জলপাইগুড়িতে, দমকল কেন্দ্রের দাবি রাজগঞ্জে
সংবাদদাতা, রাজগঞ্জ, (জলপাইগুড়ি) : জলপাইগুড়ির বেলাকোবার স্টেশন কলোনিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে গেল এক গৃহস্থের বাড়ি। আগুন লাগার পর প্রায় এক ঘণ্টা স্থানীয়দের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে এলেও ঘটনার শেষ পর্যায়ে দমকলের গাড়ি পৌঁছানো নিয়ে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বেলাকোবা ফাঁড়ির পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্টেশন কলোনি এলাকার মিষ্টান্ন ব্যবসায়ী জগদীশ পালের বাড়িতে আনুমানিক গতকাল সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আগুন লাগে। প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে অনুমান করা হচ্ছে। মুহূর্তের মধ্যেই আগুন গোটা ঘরে ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে বাড়ির সামগ্রী পুড়ে যায়।
আগুন লাগার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে।এরপর দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে তাঁদের ঘিরে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়দের একাংশ।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও বেলাকোবা ফাঁড়ির পুলিশ উপস্থিত থাকায় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
স্থানীয় বাসিন্দা রাজু সরকার ও মদন দে-র অভিযোগ, বেলাকোবা বর্তমানে একটি বর্ধিষ্ণু জনপদ হলেও রাজগঞ্জ ব্লকে এখনও কোনও দমকল কেন্দ্র নেই। ফলে অগ্নিকাণ্ডের মতো ঘটনায় জলপাইগুড়ি থেকে দমকল আসতে দীর্ঘ সময় লেগে যায়।
তাঁদের দাবি, বেলাকোবায় দমকল কেন্দ্র স্থাপনের কথা শোনা গেলেও বাস্তবে এখনও তা হয়নি।স্থানীয়দের বক্তব্য, আমবাড়ি বা বেলাকোবায় একটি দমকল কেন্দ্র থাকলে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হতো ও ক্ষয়ক্ষতির পরিমাণও কমানো যেত। প্রতিবার অগ্নিকাণ্ডের পর দমকলের দেরিতে পৌঁছানো নিয়ে অভিযোগ উঠলেও এখনও স্থায়ী সমাধান হয়নি বলে দাবি তাঁদের।
