ফের খবরে দিল্লি, এবার হামলা বন্দুকবাজের
সংবাদদাতা, দিল্লি: বহুতল ভেঙে পড়ুয়া মৃত্যু, প্রকাশ্যে মণিপুরী গায়ককে পিটিয়ে খুনের পর এবার বন্দুকবাজের তাণ্ডব দিল্লিতে। শুক্রবার মাঝরাতে দক্ষিণ দিল্লির নন্দ নগরীর ডি ২ ব্লক এলাকায় একদল দুষ্কৃতি ঢুকে এলোপাথাড়ি গুলি চালায়। বেশ কয়েকটি বাড়ি লক্ষ্য করে ছোড়া হয় পাথরও। ফলে একাধিক জানলার কাচ ভেঙে যায়। বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আচমকাই কয়েকজন দুষ্কৃতি এলাকায় ঢুকে এসে রীতিমত তাণ্ডব শুরু করে দেয়। গুলি চালানো, পাথর ছোড়ার পাশাপাশি চলতে থাকে গালিগালাজও। অভিযোগ, বাড়ির সামনে দাঁড় করিয়ে রাখা কয়েকটি গাড়িও ভেঙে চুরমার করে দেওয়া হয়। আতঙ্কিত লোকজন পুলিশে খবর দেয়। কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছনোর আগেই এলাকা ছেড়ে চম্পট দেয় দুষ্কৃতিদল।
কিন্তু আচমকাই কেন এমন ঘটনা? বাসিন্দাদের দাবি, এই হামলার পেছনে রয়েছে প্রায় বছর সাতেক আগের একটি ঘটনা। সেই সময়ও এরকমই হামলা চলেছিল এলাকায়। তারপরও পুলিশে অভিযোগ জানানো হয়েছিল। পুলিশ সিসিটিভি–র ফুটেজ খতিয়ে দেখা শুরু করেছে। একসঙ্গে এতজন দুষ্কৃতি কোথা থেকে, কীভাবে এবং কেন নন্দ নগরী এলাকায় হাঙ্গামা বাঁধাতে এলো, সেই বিষয়টিই এখন ভাবাচ্ছে প্রশাসনকে।
